২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাল সিটির কাছে লিভারপুলের হার

আগের ম্যাচে ড্র করার পর এবার হেরেই গেল লিভারপুল। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির মাঠ থেকে ৩-১ গোলে হেরে ফিরেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 11:26 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

লিভারপুলের বিপক্ষে এটা হাল সিটির প্রথম জয়। গত সপ্তাহে এভারটনের মাঠে ৩-৩ গোলে ড্র করেছিল লিভারপুল।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ২০ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। মিডফিল্ডার ডেভিড মেইলারের পাস থেকে জেক লিভারমোরের জোরালো শট ডিভেন্ডার মার্টিন স্কের্টেলের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়।

তবে সাত মিনিট বাদে দারুণ এক ফ্রি-কিক থেকে অতিথিদের সমতায় ফেরান অধিনায়ক স্টিভেন জেরার্ড। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

৭২ মিনিটে আবারো এগিয়ে যায় হাল সিটি। এবারের গোলদাতা মেইলার নিজেই। ডিফেন্ডাররা পেনাল্টি বক্সে বল পুরোপুরি বিপদমুক্ত করতে না পারায় কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন মেইলার।

আবার পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া হয়ে ওঠে ‘অল রেড’ নামে পরিচিত লিভারপুল। কিন্তু ৮৭ মিনিটে উল্টো স্লোভাকিয়ার ডিফেন্ডার মার্টিন স্কার্টেলের আত্মঘাতী গোলে হার নিশ্চিত হয়ে যায় শক্তিশালী দলটির।

১৩ ম্যাচ থেকে লিভারপুলের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্সেনাল।