২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভারকুজেনকে গুড়িয়ে পরের পর্বে ম্যান ইউ

জার্মান বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে বায়ার লেভারকুজেনকে তাদের মাঠেই উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 09:01 AM

Updated : 13 Oct 2022, 03:05 PM

বুধবার ‘এ’ গ্রুপের খেলায় ইংল্যান্ডের সবচেয়ে সফল দলটি জিতেছে ৫-০ গোলে, যার চারটিতেই অবদান আছে তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির।

Image
রুনির নিখুঁত চিপ থেকে বলে পা লাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ভালেন্সিয়া।

রুনির নিখুঁত চিপ থেকে বলে পা লাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ভালেন্সিয়া।

Image
ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দিয়ে ভালেন্সিয়ার উদযাপন।

ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দিয়ে ভালেন্সিয়ার উদযাপন।

ম্যাচের ২২ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করে ম্যান ইউ। রায়ান গিগসের পাস থেকে বল ধরে বাঁ দিক থেকে দূরের পোস্টের কাছে নিখুঁত চিপ করেন রুনি, যাতে পা লাগিয়ে ম্যান ইউকে এগিয়ে দেন ইকুয়েডরের ফুটবলার আন্তনিও ভালেন্সিয়া।
Image
রুনির ফ্রি-কিক থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে জড়িয়ে দেন স্পাহিচ।

রুনির ফ্রি-কিক থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে জড়িয়ে দেন স্পাহিচ।

৮ মিনিট পর আবারও হতাশায় ডোবে ২০০২ সালের চ্যাম্পিয়ন্স লিগের রানার্স-আপরা। এবারও গোলের উৎস রুনি। ইংল্যান্ড স্ট্রাইকারের ফ্রি-কিক থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে হেডে নিজের জালে জড়িয়ে দেন এমির স্পাহিচ।

দ্বিতীয়ার্ধে আরো ধারালো হয় ম্যান ইউর আক্রমণ। দু’বার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় বল; ৬০ মিনিটে বারে লেগে নষ্ট হয় আরেকটি চমৎকার সুযোগ।

ম্যাচের ৬৫ মিনিটে গিগসের কর্নার থেকে রুনির শট লেভারকুজেন গোলরক্ষক লেনো কোনোমতে ফিরিয়ে দিলেও ফিরতি বলে টোকা দিয়ে ব্যবধান ৩-০ করেন জনি ইভান্স।

Image
ব্যবধান ৩-০ করেন জনি ইভান্স।

ব্যবধান ৩-০ করেন জনি ইভান্স।

Image
রুনির নিখুঁত চিপে পা ছুইয়ে গোল করেন স্মলিং।

রুনির নিখুঁত চিপে পা ছুইয়ে গোল করেন স্মলিং।

ম্যাচের ৭৭ মিনিটে দলগত একটি প্রচেষ্ঠায় শেষ আঁচড়টি দেন ক্রিস স্মলিং। শিনজি কাগাওয়ার পাস থেকে বল পেয়ে আবার নিখুঁত একটি চিপ করেন রুনি, যাতে কেবল পা ছোঁয়ান স্মলিং।

খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে অতিথিদের বড় জয় নিশ্চিত করেন নানি। লেভারকুজেন ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে করা গিগসের ক্রস ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে ঠেলে দেন পর্তুগিজ এই তারকা।

গ্রুপের অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে সহজেই ৪-০ গোলে হারিয়ে শেষ ষোলর স্বপ্ন টিকিয়ে রেখেছে শাখতার দোনেস্ক।

৫ খেলায় ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ম্যান ইউ। সোসিয়েদাকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে শাখতার। নকআউট পর্বে যাওয়া সহজ হবে না তাদের। কারণ, শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ম্যান ইউ।

ম্যান ইউর কাছে হেরে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেলেও লেভারকুজেনের শেষ ষোলোতে ওঠার স্বপ্ন টিকে আছে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ৫ খেলায় মাত্র ১ পয়েন্ট পাওয়া সোসিয়েদাদ।