২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মৌসুমে আবাহনী-মোহামেডানের প্রথম লড়াই

ফেডারেশন কাপ ফুটবলে সোমবার মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড। এ মৌসুমে এটাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম লড়াই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 09:20 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে উত্তরণ নিশ্চিত করেছে। সোমবারের লড়াই তাই ‘ডি’ গ্রুপের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবে।

ফেডারেশন কাপে মুখোমুখি লড়াইয়ে মোহামেডান এগিয়ে আছে। আগের ১৫টি লড়াইয়ে মোহামেডান জিতেছে ৮বার, আবাহনীর জয় পাঁচটি, বাকি দুই ম্যাচ ড্র।

এবারও জয়ের ব্যাপারে আশাবাদী মোহামেডানের ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানা। তিনি বলেন, “আবাহনী শক্তিশালী প্রতিপক্ষ। তাদের হারানো সহজ নয়। তবে প্রথম ম্যাচের বড় জয়ে আমরা অনুপ্রাণিত। খেলোয়াড়রা দারুণ উজ্জীবিত।”

মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলিও জয়ের স্বপ্নে বিভোর। তিনি বলেন, “আবাহনীর বিপক্ষে ম্যাচ মানেই মর্যাদার লড়াই। এই ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছি না আমরা।” প্রতিপক্ষ সম্পর্কে আবাহনীর ভারপ্রাপ্ত কোচ অমলেশ সেনের কণ্ঠে ভীষণ সমীহ। তবে তিনিও জয়ের প্রত্যয় জানিয়ে বলেন, “মোহামেডানের এবারের দলটি বেশ শক্তিশালী। তাদের দলে জাতীয় দলের বেশ কয়েক জন খেলোয়াড় আছে। তারপরও তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। সবকিছু ঠিক-ঠাক হলে আমরাই জিতবো।” আবাহনীর অধিনায়ক মোহাম্মদ সুজনও আত্মবিশ্বাসী। তিনি বলেন, “মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই অন্যরকম লড়াই। আমার বিশ্বাস, জয় আমাদের ঘরেই আসবে।”