২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাও শেষ আটে

চট্টগ্রাম আবাহনীকে ৩-২ গোলে হারানোয় ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে চট্টগ্রাম আবাহনী। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রর কাছে ১-০ গোলে হেরেছিল তারা।

মুক্তিযোদ্ধা-শেখ রাসেলের লড়াইয়ের ওপরে তাই গ্রুপের শ্রেষ্ঠত্ব নির্ভর করছে।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই গোল করে মুক্তিযোদ্ধার জয়ের নায়ক স্ট্রাইকার মোহাম্মদ বিপ্লব।

একাদশ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার নাউচুয়া কিংসলের পাস থেকে প্লেসিং শটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন বিপ্লব।

৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটির রূপকারও বিপ্লব ও কিংসলে। বিপ্লবের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন কিংসলে।

৫৪ মিনিটে ম্যাচে বিপ্লবের দ্বিতীয় গোল জয় নিশ্চিত করে দেয় মুক্তিযোদ্ধার।

৫৮ মিনিটে সোহেল মিয়া ও ইনজুরি সময়ে জাভেদ খান গোল করলেও হার এড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী।