যুব হকিতে ফরিদপুর চ্যাম্পিয়ন
জাতীয় যুব হকির শিরোপা জিতেছে ফরিদপুর জেলা। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-০ গোলে রাজশাহী জেলাকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে মোস্তাফিজুর রহমান দুটি এবং সালমান সাদিক ও মঈনুল ইসলাম একটি করে গোল করেন।
জাতীয় যুব হকিতে ফরিদপুরের এটা তৃতীয় শিরোপা। এর আগে ১৯৮৭ এবং ১৯৯২ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
শিরোপা জয়ের পুরস্কার হিসাবে ফরিদপুর ৫০ হাজার এবং রানার্স-আপ রাজশাহী ২৫ হাজার টাকা পেয়েছে।
ফাইনালের সেরা খেলোয়াড় ফরিদপুরের মোস্তাফিজুর রহমানের প্রাপ্তি ১০ হাজার টাকা।
