২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সঙ্গে বিজেএমসির ‘হোঁচট’

ফেডারেশন কাপ ফুটবলে বাংলাদেশ পুলিশের সঙ্গে কোনো রকমে ড্র করেছে বিজেএমসি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচটির ফলাফল ২-২।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

১৮ মিনিটে এগিয়ে যায় বিজেএমসি। মিডফিল্ডার সজীবের শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলেও স্ট্রাইকার তপু বর্মণের ফিরতি শট কেউ ঠেকাতে পারেনি (১-০)।

দীর্ঘক্ষণ পিছিয়ে থাকা পুলিশ সমতায় ফেরে ৭৬ মিনিটের সময়। ফরোয়ার্ড জহিরুল ইসলামের ক্রস থেকে মিডফিল্ডার আমিরুল ইসলাম প্লেসিং শটে গোল করেন (১-১)।

৮৮ মিনিটে আবার পুলিশের গোল। বিজেএমসির ডিফেন্ডার অমিত খান শুভ্রর ভুলে ফাঁকায় বল পেয়ে যাওয়া ফরোয়ার্ড কবিরুল ইসলাম এগিয়ে দেন দলকে(২-১)।

কিন্তু অঘটনের জন্ম দিতে পারেনি পুলিশ। ইনজুরি সময়ে ম্যাচে তপুর দ্বিতীয় গোল ‘মুখরক্ষা’ করে বিজেএমসির।