রাস্তায় নামছেন হকি খেলোয়াড়, ক্লাব কর্মকর্তারা
হকি ফেডারেশনের বিপক্ষে আন্দোলনে নামছেন খেলোয়াড় কল্যাণ সমিতি ও ক্লাব ঐক্য পরিষদ।
সোমবার মোহামেডান পরিচালক লোকমান হোসেন ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান অবৈধ কমিটির দায়িত্বজ্ঞানহীন আচরণ, অনভিজ্ঞতা ও মিথ্যাচারের কারণে হকিতে জটিলতা বেড়েই চলছে।
এজন্য মঙ্গলবার ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর বরাবর স্মরকলিপি দেবে তারা। বৃহস্পতিবার খেলোয়াড় ও কর্মকর্তারা হকি স্টেডিয়াম থেকে শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার পর্যন্ত কালো ব্যাজ পরে মৌন মিছিল করবে। রোববার ক্রীড়া পরিষদ টাওয়ারের সামনে অবস্থান ধর্মঘট করবে তারা।
খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি বলেন, “জাতীয় দলের খেলোয়াড়দের নিষিদ্ধ করে হকি ফেডারেশন ক্ষমতার অপব্যবহার করছে। যা হকির জন্য মঙ্গলজনক নয়। বরং হকি চরম বিপর্যয়ের মুখে ধাবিত হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি।”
“দেশের ক্রীড়া প্রশাসন ও নীতি নির্ধারকরা দ্রুত উদ্যোগী ভূমিকা না রাখলে ভবিষ্যতে হকিতে বড় ধরণের বিপর্যয় ঘঠবে”, দাবি করেন বাপ্পি।
নির্বাচন নিয়ে জটিলতার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নেতৃত্বে কয়েকটি ক্লাব হকির কোনো কার্যক্রমে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। তাছাড়া এশিয়া কাপে শৃঙ্খলা ভঙ্গের কারণে চারজন খেলোয়াড়কে নিষিদ্ধ করায় জটিলতা আরও বেড়ে যায়।
