জুনিয়র টেনিসে চীনা তাইপের সাফল্য
জুনিয়ার আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছেন চীনা তাইপের ইয়াং লি। দ্বৈতেরও শিরোপা জিতে প্রতিযোগিতার দ্বি-মুকুট পেয়েছেন তিনি।
রোববার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে ইয়াং লি ৬-২, ৬-৩ গেমে উজবেকিস্তানের ওমারভা কমলাকে হরিয়ে চ্যাম্পিয়ন হন।
বালিকা দ্বৈতে চীনা তাইপের হানচি চ্যাং ও ইয়াং লি জুটি ৬-১, ৬-৩ গেমে উজবেকিস্তানের মিলিসা বাকিরোভা ও আমেরিকার লুসিনা রবিনসন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
এদিকে বালক এককের ফাইনালে উঠেছেন ইংল্যান্ডের সামিয়েল চৌধুরী ও তাইপের চ্যাং টিন। রোববার সেমিফাইনালে সামিয়েল ৬-২, ৬-৪ গেমে তাইপের কো সাও মিনকে এবং তাইপের চ্যাং টিন ৬-২, ৬-২ গেমে ভারতের বেল্লেকারী রবিকুমারকে হারান।
বালক দ্বৈতে বেল্লেকারি রবিকুমার ও সাহিল গাওয়ারি (ভারত) জুটি ৬-৪, ৬-৪ গেমে করিম আল্লাফ (সিরিয়া) ও সামিয়েল চৌধুরী (ইংল্যান্ড) জুটিকে এবং টিন চ্যাং ও চ্যাং সান কো (তাইপে) জুটি ৬-৩, ৬-৪ গেমে জানসুলতান চেমবোতায়েভ (কাজাখস্তান) ও বোলাট মামায়ার (কাজাখস্তান) জুটিকে হারিয়ে ফাইনালে ওঠেন।
সোমবার বালক একক ও বালক দ্বৈতের ফাইনাল হবে।
