২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসকে নিয়ে ব্রাজিলের ছেলেখেলা

নিজেদের মাটিতে ব্রাজিল যে আগামী বিশ্বকাপে 'ফেভারিট' তা আরেকবার বোঝালো লুই ফেলিপে স্কলারির দল। সাম্বার ছন্দে হন্ডুরাসকে নিয়ে খেললো ব্রাজিল, পেল ৫-০ গোলের বড় জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 01:31 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

দল হিসেবে হন্ডুরাস মোটেও দুর্বল নয়। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল থেকে শক্তিশালী মেক্সিকোকে পেছনে ফেলে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। কিন্তু ব্রাজিল যখন ছন্দে থাকে তখন তাদের থামানোর সাধ্য কার। দ্বিতীয়ার্ধে আট মিনিটের মধ্যে তিনটি গোল করে তা ভালো করেই বুঝিয়ে দিয়েছে নেইমাররা।

শনিবার রাতে মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি দেখতে এসেছিলেন ৭১ হাজার ১২৪ জন দর্শক, মিয়ামি ডলফিনসের এই স্টেডিয়ামে কোনো ফুটবল ম্যাচে এটা সর্বোচ্চ সংখ্যা।

কিন্তু প্রথম গোলটির জন্য ব্রাজিল সমর্থকদের অপেক্ষা করতে হয় ২২ মিনিট। ডান উইং থেকে পাওলিনিয়োর ক্রস ছয়গজী বক্সের ঠিক বাইরে থাকা বার্নাডকে খুঁজে পায়। বল উপরের জালে জড়িয়ে দলের হয়ে প্রথম আন্তর্জাতিক গোলটি পেয়ে যান তিনি।

৩৬ মিনিটে বাঁ দিক থেকে গোলপোস্টের দিকে এগিয়ে জোরালো শট নিয়েছিলেন নেইমার। কিন্তু গোলরক্ষক ভালাদারেস কোনোমতে ঠেকিয়ে দেন তা। পুরো ম্যাচে বার্সেলোনার এই তারকাকে বারবার ফাউলের শিকার হতে হয়েছে। নেইমারকে ফাউলের জন্য তিনটি হলুদ কার্ডও দেখেন হন্ডুরাসের ফুটবলাররা।

প্রথমার্ধে এই একটি গোল করেই বিরতিতে যায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৫৫ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন দান্তে। অবশ্য গোলটিতে ছিল ভাগ্যের ছোঁয়া। তার হেড হন্ডুরাসের এক খেলোয়াড়ের গায়ে লেগে আরেকজনের পায়ের নিচ দিয়ে জালে জড়িয়ে যায়।

আগের দুটি গোল যদি হয় গড়পড়তা, তবে আট মিনিটের মধ্যে পরের তিনটি গোল চেনালো আসল ব্রাজিলকে। রামিরেসের ক্রস থেকে রবিনিয়ো বুদ্ধিদীপ্ত হেড দেন গোলমুখে থাকা পাওলিনিয়োকে। ভালাদারেস তার জোরালো শট ফিরিয়ে দিলেও মাইকন ফিরতি বলে টোকা দিয়ে জালে জড়িয়ে দেন।

পাঁচ মিনিট পরেই চতুর্থ গোলটি আসে দলীয় প্রচেষ্ঠায়। মাইকন, উইলিয়ান, রবিনিয়ো, ম্যাক্সওয়েল হয়ে বল পৌঁছে হাল্কের কাছে। বাঁ দিক থেকে হাল্কের দারুণ ক্রসে পা লাগিয়ে গোল করেন উইলিয়ান।

এর তিন মিনিট পরের গোলটি ম্যাচের সেরা। রামিরেস ও রবিনিয়োর ডিফেন্ডারদের বোকা বানানো দুটো ব্যাকহিল থেকে বল আসে হাল্কের পায়ে। বল পায়ে ১৮০ ডিগ্রি ঘুরে জোরালো শটে জালে পাঠিয়ে দেন তিনি।

ব্রাজিলের এই দুর্দান্ত খেলায় অবাক হয়েছেন কোচ স্কলারিও।

"আমি এ ধরনের ফল আশা করিনি। হন্ডুরাস একটা খুব ভালো দল। আমাদের দলটা তরুণ। বিশ্বকাপ নিয়ে প্রস্তুতিতে ম্যাচটি আরোকটি সুযোগ এনে দিল।"