২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে দিনটি মেসির স্মৃতিতে উজ্জ্বল

২০০৩ সালের ১৬ নভেম্বর পোর্তোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে বার্সেলোনার মূল দলের হয়ে লিওনেল মেসির অভিষেক। ১০ বছর পর আজ তিনি বিশ্বের সেরা ফুটবলারের আসনে, টানা চারবার ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার অনন্য গৌরবের অধিকারী। কিন্তু এখনো প্রিয় দলের জার্সি গায়ে প্রথম মাঠে নামার স্মৃতি তার মনে উজ্জ্বল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 01:15 AM

Updated : 23 Aug 2022, 07:17 PM

স্প্যানিশ পরাশক্তিদের জার্সি গায়ে অভিষেকের এক দশক পূর্তির সামনে দাঁড়িয়ে থাকা মেসি ‘বার্সা টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “২০০৩ সালের ১৬ নভেম্বর আমার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ এক দিন। কারণ সেদিন আমি আমার ছেলেবেলার স্বপ্ন পূরণ করতে পেরেছিলাম।”

“আমার জন্য দিনটি ছিল দারুণ আনন্দের। লক্ষ্যপূরণে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। দিনটি আমার জন্য বিশেষ কিছু।”

১০ বছর আগের সুখস্মৃতি রোমন্থন করে মেসি আরো বলেন, “মনে আছে আমরা জুভেনাইল ‘এ’ দলের (বার্সেলোনা অনূর্ধ্ব-১৯ দল) হয়ে অনুশীলন করছিলাম। অনুশীলন শেষে (অ্যাকাডেমির সমন্বয়ক) জোসেপ কোলোমের আমার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলার পর জানান, মূল দলের হয়ে আমি খেলতে যাচ্ছি।”

অভিষেকের পরের বছর বার্সার হয়ে প্রথম লা লিগায় খেলেন মেসি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত এক দশকে বার্সার বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হওয়ার পেছনে তার অবদান সবচেয়ে বেশি। তিনি নিজেও আজ ফুটবলের মহাতারকা।

তবে সাফল্যের শিখরে উঠলেও মেসি মনে করেন তিনি আজো সেই একই মানুষ আছেন। এ প্রসঙ্গে আর্জেন্টিনার এই তারকা বলেন, “আমি মনে করি আমি এখনো সেই আগের মানুষটাই আছি। আমি সব কিছুকে আগের মতোই দেখি। যদিও আমি শারীরিকভাবে বেড়ে উঠেছি আর সব কিছুকে কীভাবে মূল্য দিতে হয় তা শিখেছি।”

অভিষেকের এক দশক পূর্তির দিনটি কিছুটা হতাশার মধ্যে উদযাপন করতে হচ্ছে ২৬ বছর বয়সী মেসিকে। পায়ের পেশির চোটের কারণে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।