২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে দল গোছালো আবাহনী ও মোহামেডান

ফুটবলের দলবদলের শেষ দিনে দল গোছানোর কাজ শেষ করেছে দেশের দুই জনপ্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 10:16 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শুক্রবার রাতে মোহামেডান ২৬ এবং আবাহনী ৩৪ জন ফুটবলারকে নিবন্ধন করিয়েছে।

কাগজে-কলমে মোহামেডানের দলটি শক্তিশালী। বর্তমান জাতীয় দলের পাঁচ খেলোয়াড় শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে আসা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও ফরোয়ার্ড জাহিদ হোসেন, শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে আসা ডিফেন্ডার আরিফুল ইসলাম এবং গত মৌসুমে খেলা গোলরক্ষক মামুন খান ও স্ট্রাইকার ওয়াহেদ আহমেদের ঠিকানা মোহামেডান।

জাতীয় দল থেকে বাদ পড়াদের মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে আসা স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ, ব্রাদার্স ইউনিয়ন থেকে আসা মিডফিল্ডার ইউসুফ সিফাত এবং গত মৌসুমে খেলা ডিফেন্ডার মিন্টু শেখ ও মিডফিল্ডার মেজবাবুল হক মানিক আছেন ঐতিহ্যবাহী দলটিতে।

মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পাওয়া এমিলি বলেন, “এবারের মৌসুমে মোহামেডান দলের প্রত্যেক বিভাগই বেশ শক্তিশালী। আমাদের বিদেশি ফুটবলাররাও ভালো। এই দল নিয়ে মৌসুমের সবগুলো শিরোপা জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

আবাহনীতে রয়েছে বর্তমান জাতীয় দলের চার জন ফুটবলার। তারা হলেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল, দুই ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ও ওয়ালী ফয়সাল এবং স্ট্রাইকার মিঠুন চৌধুরী। মিঠুন চৌধুরীকে অবশ্য শেখ রাসেল ক্রীড়া চক্রও নিবন্ধন করিয়েছে।

তবে আবাহনীর দাবি, মিঠুন তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। দুই ক্লাব থেকে টাকা নেয়ায় মিঠুনকে নিয়ে তৈরি হয়েছে আরেকটি জটিলতা।

আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু বলেন, “আমাদের দলটি বেশ শক্তিশালী। গতবারের ব্যর্থতাকে পেছনে ফেলে এবার মৌসুমের সবগুলো শিরোপা জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এবারও মাঝারি মানের দল গড়েছে। তাদের কোচের দায়িত্বে আছেন ভারত এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সৈয়দ নাঈমউদ্দিন। নাঈমউদ্দিন বলেন, “তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটিকে ঠিকভাবে প্রশিক্ষণ দেয়া সম্ভব হলে এই দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।” এছাড়া চট্টগ্রাম আবাহনী এবং উত্তর বারিধারা শুক্রবার দল গোছানোর কাজ শেষ করেছে। মোহামেডান : জাহিদ হাসান এমিলি, আরিফুল ইসলাম, জাহিদ হোসেন, মিন্টু শেখ, মামুন খান, তৌহিদুল আলম সবুজ, ইমন মাহমুদ, অরুপ কুমার বৈদ্য, নাহিদুল ইসলাম, তপু বর্মণ, তিতুমীর চৌধুরী টিটু, মেজবাবুল হক মানিক, ইউসুফ সিফাত, হাবিবুর রহমান সোহাগ, ওয়াহেদ আহমেদ, ফয়সাল আহমেদ, আহসান হাবিব বিপু, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মনসুর আলম, ইরান হোসেন, নুরুল আলম, বাইবেক ইসাই (ক্যামেরুন), আননেমি চুকা (নাইজেরিয়া), আওয়াদুকুম ইদু (ঘানা), মোস্তফা মোহাম্মদ সিদ্দিক (মিশর) ও ড্যামিয়েন (নাইজেরিয়া)।
আবাহনী
: শহীদুল আলম সোহেল, মোহাম্মদ সুজন, ওয়ালী ফয়সাল, নজরুল ইসলাম, আরমান আজিজ, আতিকুর রহমান মিশু, প্রাণতোষ কুমার, আব্দুল বাতেন কোমল, শরীফুল ইসলাম, আব্দুল হামিদ খান ভাসানী, সোহেল রানা, তৌহিদুল আলম, জামাল হোসেন, সৈকত ভৌমিক, মোফাজ্জল হোসেন সৈকত, মোহাম্মদ রনি, উত্তম বড়ুয়া, রাজন মিয়া, মিঠুন চৌধুরী, শাহেদুল আলম, সুলতান আহমেদ শাকিল, নাসিরুল ইসলাম, ওবায়দুর রহমান, দিদারুল আলম, আব্দুল কাদের, সামাদ ইউসুফ (ঘানা), ইউকো সাম্বনিক (ক্যামেরুন), ওসই মরিসন (ঘানা), লুইস ডি সুজা (ব্রাজিল), লুইস দি কাস্ত্রো, বেনন ইকেলে (ক্যামেরুন), আউডু ইব্রাহিম, লাকি পল ( নাইজেরিয়া) ও ওনইকেচু ড্যানিয়েল (নাইজেরিয়া)।