ফেডারেশন কাপের স্পন্সর ওয়ালটন
ফেডারেশন কাপ ফুটবলের স্পন্সর হতে যাচ্ছে ওয়ালটন। বৃহস্পতিবার মৌসুম-সূচক এই টুর্নামেন্টের জন্য তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “শুধু ফেডারেশন কাপের জন্য ওয়ালটন স্পন্সর হতে যাচ্ছে। তবে এই টুর্নামেন্টের জন্য তাদের দেয়া অর্থের পরিমাণ আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না।”
এ প্রসঙ্গে ওয়ালটনের জ্যেষ্ঠ উপ-পরিচালক ইকবাল বিন আনোয়ার বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ফেডারেশন কাপের স্পন্সর হতে যাচ্ছি। আশা করি এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল কিছুটা হলেও উপকৃত হবে।”
স্পন্সর হওয়া ছাড়াও ফেডারেশন কাপের সেরা খেলোয়াড়কে একটি মোটর সাইকেল দেবে ওয়ালটন। দর্শকদের জন্যও পুরস্কার থাকছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের প্রত্যেক ম্যাচে লটারির মাধ্যমে পাঁচ জন করে দর্শককে মোবাইল ফোন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন।
