২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যালকাওয়ের গোলে হার এড়ালো মোনাকো

রাদামেল ফ্যালকাওয়ের একমাত্র গোলে মৌসুমে টানা তৃতীয় হার এড়িয়েছে বড় বাজেটের দল মোনাকো। শুক্রবার ফরাসি লিগে ঘরের মাঠে তারা ইভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 03:25 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

গত সপ্তাহে লিগে লিলের মাঠে ২-০ গোলে এবং ফ্রেঞ্চ লিগ কাপে স্তাদে দি রেইমসের মাঠে ১-০ গোলে হেরেছিল মোনাকো।

মোনাকোর মাঠে অনুষ্ঠিত শুক্রবারের খেলায় দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২০ মিনিটে ডেনমার্কের ডিফেন্ডার দানিয়েল ওয়াসের গোলে পিছিয়ে পড়ে মোনাকো। তবে তার সাত মিনিট বাদেই স্বাগতিকদের সমতায় ফেরান কলম্বিয়ার স্ট্রাইকার ফ্যালকাও। লিগে ফ্যালকাওয়ের এটি নবম গোল।   

ফ্যালকাও নিয়মিত গোল পেলেও পয়েন্ট তালিকায় মোনাকোর অবস্থান ভালো নয়। ১৩ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে তারা।

লিলের পয়েন্টও সমান ২৬ তবে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয়তে আছে তারা। আর ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি। তবে লিল ও পিএসজি একটি করে ম্যাচ কম খেলেছে।