শীর্ষেই থাকছেন নাদাল
এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতবেন কিনা, তা এখনই বলা সম্ভব নয়। তবে একটা ব্যাপার নিশ্চিত। ২০১৩ সাল র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে শেষ করতে যাচ্ছেন রাফায়েল নাদাল।
বুধবার সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে দেয়ায় এ বছর স্প্যানিশ তারকার শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত হয়ে গেছে।
রেকর্ড ৮টি ফ্রেঞ্চ ওপেনসহ ১৩টি গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হলেও লন্ডনে বছরের শেষ এটিপি টুর্নামেন্টটির শিরোপা কখনো জিততে পারেননি নাদাল।
ভাভরিঙ্কাকেও সহজে হারাতে পারেননি। প্রায় সোয়া দুই ঘণ্টা লড়াই করে, অনেক ঘাম ঝরিয়ে জিততে হয়েছে নাদালকে। খেলার ফলাফল ৭-৬ (৭/৫), ৭-৬ (৮/৬)।
এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালও নিশ্চিত হয়ে গেছে নাদালের।
এই গ্রুপের পরের ম্যাচে দাভিদ ফেরারকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ।
