রোমার অনন্য কৃতিত্ব
ইতালিয়ান সেরি-আয় দারুণ এক কীর্তি গড়েছে এএস রোমা। প্রথম দল হিসেবে প্রথম ১০ ম্যাচে জয় পেয়েছে তারা। এই অনন্য কৃতিত্ব গড়ার পথে রোমের ক্লাবটি ১-০ গোলে শিয়েভোকে হারিয়েছে।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় রোমার জয়ের নায়ক স্ট্রাইকার মার্কো বোরিয়েল্লো। ৬৭ মিনিটে মিডফিল্ডার আলেস্সান্দ্রো ফ্লোরেঞ্জির বাড়ানো বলে হেড করে গোলটি করেন তিনি।
টানা দশম জয়ে ৩০ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে রোমা। নাপোলি ও জুভেন্টাসের সংগ্রহ ২৫ পয়েন্ট করে হলেও গোলগড়ে এগিয়ে থাকায় নাপোলির অবস্থান দ্বিতীয়।
