দুই বছর পরে ব্রাজিল দলে রবিনিয়ো
দীর্ঘ দুই বছর পর ব্রাজিলের জাতীয় দলে ফিরেছেন রবিনিয়ো। আগামী মাসে হন্ডুরাস ও চিলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য ঘোষিত ২১ সদস্যের দলে আছেন এসি মিলানের ফরোয়ার্ড রবিনিয়ো।
হন্ডুরাসের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি হবে ১৬ নভেম্বর, যুক্তরাষ্ট্রের মায়ামিতে। ১৯ নভেম্বর কানাডার টরন্টোতে চিলির সঙ্গে লড়াই।
রবিনিয়ো ছাড়াও ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন চেলসির মিডফিল্ডার উইলিয়ান ও প্যারিস সেইন্ট জার্মেইয়ের ১৯ বছর বয়সী ডিফেন্ডার মার্কিনহোস।
২০১৪ বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় বাছাই পর্ব খেলতে হয়নি ব্রাজিলকে। তাই প্রীতি ম্যাচ খেলে ষষ্ঠ শিরোপার জন্য নিজেদের প্রস্তুত করছে তারা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: জুলিও সিজার, ভিক্তর।
ডিফেন্ডার: থিয়াগো সিলভা, দান্তে, ডাভিদ লুইস, মার্কিনহোস, দানিয়েল আলভেস, মাইকন, মার্সেলো, ম্যাক্সওয়েল।
মিডফিল্ডার: লুকাস লেইভা, এর্নানিস, লুইস গুস্তাভো, পাওলিনিয়ো, রামিরেস, অস্কার।
ফরোয়ার্ড: নেইমার, বার্নার্ড, হাল্ক, রবিনিয়ো, জো।
