২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ দলের বিশ্বকাপের প্রস্তাব

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার প্রধান মিশেল প্লাতিনি ২০১৮ সাল থেকে ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৪০টি করার আহ্বান জানিয়েছেন। এতে ইউরোপের দেশের সংখ্যা না কমিয়ে আফ্রিকা ও এশিয়া থেকে আরো দেশকে বিশ্বকাপে সুযোগ দেয়া যাবে বলে তিনি মনে করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 11:40 AM

Updated : 25 Apr 2022, 07:26 PM

বর্তমানে বিশ্বকাপে সুযোগ পাওয়া ৩২টি দেশের মধ্যে ইউরোপ থেকে আসে ১৩টি। আফ্রিকা থেকে সুযোগ পায় ৫টি দেশ। এশিয়া থেকে ৪টি দেশ সরাসরি চূড়ান্ত পর্বে খেলে এবং পঞ্চম হওয়া দেশটি দক্ষিণ আমেরিকার একটি দেশের সঙ্গে প্লে-অফ খেলার সুযোগ পায় বিশ্বকাপে উঠার জন্য।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটারও গত সপ্তাহে একই মত দিয়েছিলেন। তিনি মনে করেন আফ্রিকা ও এশিয়া থেকে বিশ্বকাপে আরো প্রতিনিধিত্ব থাকা উচিত কারণ ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চেয়ে এ দুটি মহাদেশে বেশি ফিফা সদস্য রয়েছে।

ব্রিটেনের টাইমস পত্রিকাকে এক সাক্ষাতকারে ফ্রান্সের সাবেক ফুটবলার প্লাতিনি বলেন, "এটা হলে (৪০টি দল) তা সবার জন্যই ভালো। আমি ব্লাটারের সঙ্গে একমত যে আমাদের আফ্রিকা ও এশিয়ার দল বাড়াতে হবে। তবে তার জন্য ইউরোপ থেকে দল না কমিয়ে, বিশ্বকাপে দল ৪০টি করতে হবে।"

বিশ্বকাপে আরো আটটি দল যোগ করলে টুর্নামেন্টের সময়সীমা মাত্র তিনদিন বাড়াতে হবে বলে জানান প্লাতিনি, যাকে ফিফার প্রেসিডেন্ট হিসেবে ব্লাটারের সম্ভাব্য উত্তরসূরি ধরা হয়।

বিশ্বকাপে আটটি দল বাড়ানো হলে কোন অঞ্চল থেকে কয়টি দল বাড়ানো হবে, তার একটা প্রস্তাবও দেন প্লাতিনি।

"আফ্রিকা, এশিয়া ও আমেরিকা (উত্তর ও দক্ষিণ) থেকে আমরা দুটো করে দল যোগ করতে পারি। ইউরোপ ও ওসেশিয়া থেকে নিতে পারি একটি করে দলকে।"

এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বাইরে কোনো দেশ বিশ্বকাপ জেতেনি। ২০১৮ সালের বিশ্বকাপ হবে রাশিয়ায়। এর পরের ২০২২ সালের বিশ্বকাপ হবে এশিয়ার দেশ কাতারে।