নেইমারের নৈপুণ্যে রিয়ালকে হারালো বার্সেলোনা
ক্লাব ফুটবলে বর্তমান সময়ের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সোলোনা। শনিবার রাতে ক্যাম্প নউ-এ স্প্যানিশ লা লিগার ‘ক্লাসিকো’তে স্বাগতিকদের জয়ের নায়ক ব্রাজিল তারকা নেইমার।
প্রথমার্ধেই বার্সেলোনাকে এগিয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধে আলেক্সিস সানচেসের গোলেও অবদান রাখেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে রিয়ালের সান্তনাসূচক গোলটি করেন জেসে রদ্রিগেজ।
ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়োনো রোনালদো তো ছিলেনই; এবার তাদের সঙ্গে যোগ হয়েছে নেইমার আর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। মৌসুমের প্রথম ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা তাই এবার একটু বেশিই ছিল।
এবারের লা লিগার একমাত্র অপরাজিত দল বার্সেলোনা শেষ দুই ম্যাচে নিজেদের সেরা ছন্দে ছিল না। লিগে ওসাসুনার সঙ্গে ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের সঙ্গেও হোঁচট খায় তারা। তবে রিয়ালের বিপক্ষে পুরনো রূপেই দেখা গেছে বার্সাকে।
ঘরের মাঠ ক্যাম্প নউতে লিগের আগের ১৯ ম্যাচে জেতা বার্সা শুরু থেকেই ভীতি ছড়ান অতিথি শিবিরে। মেসি, নেইমাররা, চাভি, ইনিয়েস্তা ছোটো পাসে বল দেয়া-নেয়া করে ব্যতিব্যস্ত করে রাখেন ডিফেন্ডারদের।
জবাবে রোনালদো ও গ্যারেথ বেল প্রতিপক্ষের অর্ধে তেমন হুমকি হয়ে উঠতে পারেননি।
প্রথম 'ক্লাসিকো'তে স্বপ্নের গোল পেয়েছেন নেইমার।
প্রথম ‘ক্লাসিকো’তেই গোল করে উচ্ছ্বাস নেইমারের।
এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নেয়ার দারুণ একটি সুযোগ এসেছিল মেসির সামনে। ১৮টি গোল নিয়ে আপাতত রিয়ালের স্বাদেশের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা এই ফুটবলার ২২ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে নেয়া শট লক্ষ্যে রাখতে পারেননি।
প্রথমার্ধের শেষ মিনিটে রোনালদোর ক্রস ডিবক্সে স্যামি খেদিরাকে খুঁজে পেলেও অসাধারণ দক্ষতায় হাটু দিয়ে তা ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক ভিক্তর ভালদেস। ফিরতি বল ডিফেন্ডার আদ্রিয়ানোর হাতে লাগলে পেনাল্টির দাবি জানান খেদিরা। তাতে কর্ণপাত করেননি রেফারি।
প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাউলের শিকার হয়েছেন রোনালদো।
ভালো খেলেও দলের হার এড়াতে পারেননি রোনালদো।
মেসি গোল না পেলেও ক্লাসিকোতে জিতেছে তার দল।
মুখোমুখি মেসি ও রোনালদো
তিন মিনিট পর লুকা মর্ডিচের ক্রস থেকে রোনালদো গোলে শট নিলেও তা ঠেকিয়ে দেন ভালদেস।
৭৩ মিনিটে রোনালদোকে ডিবক্সে হ্যাভিয়ের মাসচেরানো ধাক্কা মেরে ফেলে দিলে আবারো পেনাল্টির দাবি জানায় অতিথিরা। এবারো তা উপেক্ষা করেন রেফারি।
'ক্লাসিকো'র নায়ক নেইমারকে ম্যাচ শেষে মেসির অভিনন্দন।
ক্যাম্প নউর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন নেইমার।
এর পরই সেস ফ্যাব্রেগাসের বদলি নেমেই আলেক্সিস সানচেসের লক্ষ্যভেদ বার্সার তিন পয়েন্ট অনেকটাই নিশ্চিত করে ফেলে। ৭৮ মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে গোললাইন ছেড়ে বেরিয়ে আসা লোপেসের মাথার উপর দিয়ে চিপ করে দর্শনীয় গোলটি করেন চিলির এই স্ট্রাইকার।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ভালদেসের ভুলে ব্যবধান কমায় রিয়াল। রোনালদোর পাস থেকে জেসের শট তার হাত ফস্কে জালে জড়ালে সমতায় ফেরার আশা জেগে উঠে অতিথিদের মনে। কিন্তু এরপর আর কোনো সুযোগ তাদের দেয়নি বার্সা।
প্রথম এল ক্লাসিকোয় জয় পেলেন বার্সা কোচ জেরার্দো মার্তিনো। আর অভিষেকটা সুখকর হলো না রিয়ালের কার্লো আনচেলোত্তির। ছবি: রয়টার্স
এই জয়ে ১০ খেলায় ২৮ পয়েন্ট লিগের শীর্ষেই আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৯ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ১০ খেলায় ২২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল।
