হকির দলবদল স্থগিত
দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রিমিয়ার লিগের দলবদল স্থগিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
ক্লাবগুলোর অনুরোধে শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, “আগামী এক সপ্তাহের মধ্যে সভায় বসে দলবদলের নতুন তারিখ ঠিক করা হবে। ছুটির দিনে যেন দলবদলের আয়োজন করা যায়, সেভাবে নতুন তারিখ ঠিক করব আমরা।”
২৯ থেকে ৩১ অক্টোবর দলবদল হওয়ার কথা ছিল। মোহামেডানের অনুসারী কয়েকটি ক্লাব দলবদলে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। তবে আবাহনী লিমিটেড ও ঊষা ক্রীড়া চক্রের অনুসারী কয়েকটি ক্লাব দলবদলে অংশ নিতে প্রস্তুত।
হকি ফেডারেশন জানিয়েছে, আগ্রহী ক্লাবগুলোকে নিয়ে দলবদল হবে। যারা অংশ নেবে না বাইলজ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
