ফেডারেশন কাপে ১২টি দল
১২টি দল নিয়ে মৌসুম সূচক ফেডারেশন কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি, চ্যাম্পিয়নশিপ লিগের একটি এবং বিকেএসপি ও বাংলাদেশ পুলিশের মধ্যে একটি দল নিয়ে এই টুর্নামেন্ট হবে।
যদিও এর আগে প্রিমিয়ার লিগের ১০টি ও চ্যাম্পিয়নশিপ লিগের ৭টি দল নিয়ে ফেডারেশন কাপ আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের।
প্রিমিয়ার লিগের সব দল খেলতে রাজি হলেও চ্যাম্পিয়নশিপ লিগ থেকে মাত্র একটি দল নিবন্ধন করেছে এই টুর্নামেন্টের জন্য। শুরুতে না খেলার কথা জানালেও পরে রহমতগঞ্জ এমএফএস নিবন্ধন করেছে।
টুর্নামেন্ট শুরু হবে ৪ নভেম্বর থেকে। ৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও জেলহত্যা দিবসের কারণে একদিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
তবে ফাইনাল কবে হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ প্রসঙ্গে লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, “দেশের রাজনৈতিক অবস্থার কথা বিবেচনা করে আমরা টুর্নামেন্টের সূচি তৈরি করবো। তাই কবে ফাইনাল হবে, তা এখনই বলা সম্ভব নয়।”
ফেডারেশন কাপের স্পন্সরও এখনো ঠিক হয়নি। সালাম মুর্শেদী জানান, “আমরা সবাই স্পন্সর পাওয়ার চেষ্টা করছি। আশা করি শিগগিরি স্পন্সর পেয়ে যাব।”
গত দুই মৌসুম বাফুফের অফিশিয়াল পার্টনার ছিল গ্রামীণফোন। মেয়াদ শেষ হওয়ার পর গ্রামীণফোন বাফুফের সঙ্গে চুক্তি নবায়ন করেনি। তাই স্পন্সর সঙ্কটে পড়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
