বাসেল ওপেনের সেমিফাইনালে ফেদেরার
গ্রিগর দিমিত্রভকে সরাসরি সেটে হারিয়ে সুইজারল্যান্ডের বাসেল ওপেনের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার।
২২ বছর বয়সী দিমিত্রভের খেলার ধরণ ফেদেরারের মতো হওয়ায় টেনিস সার্কিটে তার ডাক নাম ‘বেবি ফেদেরার’। কোয়ার্টার ফাইনালে অবশ্য আসল ফেদেরারের সঙ্গে পেরে ওঠেননি তিনি। খেলার ফলাফল ৬-৩, ৭-৬।
স্বদেশের টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত হওয়ায় আগামী ৪ নভেম্বর থেকে লন্ডনে শুরু হতে যাওয়া এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেলার আশা বাঁচিয়ে রেখেছেন ফেদেরার।
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরারের এ বছরটা একদমই ভালো কাটছে না। ২০১৩ সালে মাত্র একটি টুর্নামেন্ট জার্মানির গেরি উইবার ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ক্রমাগত ব্যর্থতা র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে নামিয়ে দিয়েছে তাকে।
বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস র্যাঙ্কিংয়ের সেরা ৮ জনকে নিয়ে আয়োজন করা হয়।
বাসেল ওপেনে পাঁচ বারের চ্যাম্পিয়ন ফেদেরারের সেমিফাইনাল প্রতিপক্ষ কানাডার ভাসেক পসপিশিল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো ও ফ্রান্সের এদুয়ার্দ রজার-ভাসলিন।
