২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনিয়োর জরিমানা

মাঠের মধ্যে অশোভন আচরণ করায় চেলসির কোচ জোসে মরিনিয়োকে ৮ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 10:02 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) কার্ডিফ সিটির বিপক্ষে খেলা চলার সময় প্রতিপক্ষের বিরুদ্ধে অযথা সময় নষ্ট করার অভিযোগ এনে চিৎকার করছিলেন মরিনিয়ো।

৭০ মিনিটের সময় তাকে লাল কার্ড দেখিয়ে ‘ডাগ আউট’ থেকে বের করে দেন রেফারি। পিছিয়ে পড়েও ম্যাচটি ৪-১ গোলে জিতেছে চেলসি।

মরিনিয়ো অবশ্য শাস্তি মেনে নিয়েছেন নির্দ্বিধায়। তিনি বলেন, “রেফারি যা লিখেছেন তা সত্যি। তবে আমি আক্রমণাত্মক বা অশোভন আচরণ করিনি। আমি শুধু (কার্ডিফের খেলোয়াড়দের আচরণের সঙ্গে) ভিন্নমত পোষণ করেছিলাম।”

“জরিমানার শাস্তি আমি মেনে নিয়েছি। (রোববার) ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের জন্য দলকে প্রস্তুত করতে আমার কোনো সমস্যা নেই।”

আগামী রোববার ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যান সিটিকে স্বাগত জানাবে চেলসি।