২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের টানা তৃতীয় জয়

ইউরোপা লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার। টানা তিন ম্যাচ জিতেছে ইতালির ফিওরেন্তিনাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টের গ্রুপ পর্বে টটেনহ্যাম ২-০ গোলে হারিয়েছে মলদোভার শেরিফকে। প্রতিপক্ষের মাঠে টটেনহ্যামের দুই গোলদাতা বেলজিয়ান ডিফেন্ডার ইয়ান ভার্তোনজেন ও ইংল্যান্ডের স্ট্রাইকার জারমেইন ডিফো।

ঘরের মাঠে ফিওরেন্তিনা ৩-০ গোলে হারিয়েছে রোমানিয়ার পান্দুরি তার্গো জিউকে। বিজয়ীদের পক্ষে গোল তিনটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড হোয়াকিন সানচেস, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাইদার মাতোস ও কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদো।

জিতেছে স্পেনের ভ্যালেন্সিয়াও। টানা দ্বিতীয় জয়ের পথে ঘরের মাঠে সুইজারল্যান্ডের সেইন্ট গ্যালেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। দুই গোল করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফেদেরিকো নিকোলাস কার্তাবিয়া। অন্য গোল তিনটি স্প্যানিশ স্ট্রাইকার পাকো আলকাসের, পর্তুগিজ ডিফেন্ডার রিকার্দো কস্তা ও স্প্যানিশ মিডফিল্ডার স্যার্হিও কানালেসের।

ইউরোপা লিগের অন্যান্য ম্যাচে জার্মানির আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ২-০ গোলে ইসরাইলের ম্যাকাবি তেল-আবিবকে, ইউক্রেনের ডায়নামো কিয়েভ ৩-০ গোলে সুইজারল্যান্ডের থুনকে, ফ্রান্সের অলিম্পিক লিঁও ১-০ গোলে ক্রোয়েশিয়ার রিয়েকাকে ও রাশিয়ার আনঝি মাখাচকালা ১-০ গোলে নরওয়ের ত্রুমসাকে হারিয়েছে।

এছাড়া স্পেনের সেভিয়া ১-১ গোলে চেক প্রজাতন্ত্রের স্লোভান লিবেরেচের সঙ্গে এবং ইতালির লাৎসিও সাইপ্রাসের অ্যাপোলোন লিমাসলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।