অনুশীলনে ফিরেছেন মোহামেডানের ফুটবলাররা
বর্জনের একদিন বাদেই মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবলাররা ক্যাম্পে ফিরেছেন।
পারিশ্রমিকের টাকা সময়মতো না পাওয়ায় বুধবার খেলোয়াড়রা ক্যাম্প বর্জন করেন।
বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে ক্যাম্পে যোগ দিয়েছেন খেলোয়াড়রা।
মোহামেডান ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, “দলবদলের আগেই খেলোয়াড়দের আশি ভাগ পাওনা পরিশোধ করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে খেলোয়াড়রা ক্যাম্পে ফিরেছেন। বৃহস্পতিবার তারা অনুশীলনও করছেন।”
১৬ জন খেলোয়াড় এদিন ক্যাম্পে যোগ দিয়েছেন। বিয়ের কারণে গোলরক্ষক মামুন খান এবং আর ব্যাক্তিগত করেন স্ট্রাইকার অরুপ বৈদ্য ও তৌহিদুল আলম সবুজ ক্যাম্পে যোগ দিতে পারেননি।
গত ২০ অক্টোবর শুরু হয়েছিল মোহামেডানের ক্যাম্প। পারিশ্রমিকের টাকা না পেয়ে বুধবার তারা ক্যাম্প বর্জন করে। পাওনা পরিশোধ করা না হলে ক্যাম্পে যোগ দেবে না বলে হুমকিও দেয় তারা।
পরে মোহামেডান কর্মকর্তারা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক থেকে খেলোয়াড়দের আশ্বাস দেয়া হয়, দলবদলের নিবন্ধনের আগেই সবার আশি শতাংশ টাকা পরিশোধ করা হবে। বাকি বিশ শতাংশ মাসিক কিস্তিতে পরিশোধ করা হবে।
এদিকে কোচ সাইফুল বারী টিটুর সঙ্গেও মোহামেডান এখনও চুক্তি করেনি। চুক্তি ছাড়াই খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন জাতীয় দলের সাবেক এই কোচ।
এ ব্যাপারে টিটু বলেন, “মোহামেডান থেকে আশ্বাস পেয়েছি, এক সপ্তাহের মধ্যেই চুক্তির যাবতীয় কাজ সম্পন্ন হবে। আশা করছি সময়মতো সবকিছু হবে। তাই এই ব্যাপার নিয়ে আমি খুব একটা চিন্তিত নই।”
