২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি, রবিনিয়োর গোলে সমতায় বার্সা-মিলান

চোট কাটিয়ে ফেরার পর লিওনেল মেসি প্রথম গোলের দেখা পেলেও বার্সেলোনা জিততে পারেনি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 09:41 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে শেষ বাঁশির মিনিট ১৫ আগে নামলেও মিলানের সান সিরোতে বার্সার প্রথম একাদশে ছিলেন মেসি। চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠা অভিজ্ঞ ডিফেন্ডার কার্লোস পুয়োলকে অবশ্য মঙ্গলবার বিশ্রাম দেন বার্সা কোচ জেরার্দো মার্তিনো।

Image
এসি মিলানকে এগিয়ে দিয়ে রবিনিয়োর উদযাপন।

এসি মিলানকে এগিয়ে দিয়ে রবিনিয়োর উদযাপন।

Image
ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে রবিনিয়োর গোল।

ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে রবিনিয়োর গোল।

নবম মিনিটে দুই ব্রাজিলিয়ানের মাধ্যমে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ এগিয়ে দেয় মিলানকে। কাকার নিখুঁত পাস ধরে জোরালো শটে অতিথি দলের গোলরক্ষক ভিক্তর ভালদেসকে পরাস্ত করেন রবিনিয়ো।

মেসির চমৎকার ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার কিছুক্ষণ পর সমতায় ফেরে বার্সা। ২৪ মিনিটের সময় ডান দিক থেকে আন্দ্রেস ইনিয়েস্তার পাস ধরে, গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে মাটি ঘেঁষা শটে ১-১ করেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। মিলানের বিপক্ষে এটা মেসির ষষ্ঠ গোল।

Image
এসি মিলানের জালে লিওনেল মেসির গোল।

এসি মিলানের জালে লিওনেল মেসির গোল।

Image
গোলের পর ইনিয়েস্তার সঙ্গে মেসির উদযাপন।

গোলের পর ইনিয়েস্তার সঙ্গে মেসির উদযাপন।

বিরতির আগে দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু মিলানের ফিলিপ্পে মেক্সেস ও বার্সার আলেক্সিস সানচেস সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে রবিনিয়োর হাস্যকর ভুল আবার হতাশ করে স্বাগতিক দলকে। বাঁ দিক থেকে দারুণ এক ক্রস বাড়িয়েছিলেন সুলে মুন্তারি। সেই ক্রস জেরার্ড পিকেকে ফাঁকি দিয়ে বক্সের মধ্যে চলে যায় রবিনিয়োর কাছে। কিন্তু অযথা দুই পায়ের ফাঁক গলে বল বের করে সুবর্ণ সুযোগটা নষ্ট করেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড।

৭০ মিনিটে বার্সাকে একইভাবে হতাশ করেন আরেক ব্রাজিলিয়ান আদ্রিয়ানো। মেসির দারুণ পাস সুবিধাজনক জায়গায় পেলেও এই ডিফেন্ডারের শট চলে যায় পোস্টের বাইরে।

Image
এসি মিলানের গোলমুখে লিওনেল মেসির আক্রমণ।

এসি মিলানের গোলমুখে লিওনেল মেসির আক্রমণ।

Image
মেসিকে আটকানোর চেষ্টা এসি মিলান ডিফেন্ডারদের।

মেসিকে আটকানোর চেষ্টা এসি মিলান ডিফেন্ডারদের।

Image
নিষ্প্রভ ছিলেন মিলানের স্ট্রাইকার বালোতেল্লি।

নিষ্প্রভ ছিলেন মিলানের স্ট্রাইকার বালোতেল্লি।

Image
স্বরূপে ফিরেছেন কাকা।

স্বরূপে ফিরেছেন কাকা।

ম্যাচের ৬৪ মিনিটে রবিনিয়োর বদলে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি মিলানের সেরা স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

ড্র করলেও তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৫ পয়েন্ট সংগ্রহ করা মিলানের অবস্থান দ্বিতীয়।

এই গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের সেল্টিক ২-১ গোলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডামকে হারিয়েছে। সেল্টিকের পয়েন্ট তিন, আর আয়াক্সের এক।