২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীতে অস্ট্রেলীয় কোচ

বয়স মাত্র ২৮, অথচ এত অল্প বয়সী একজন কোচের ওপরেই আস্থা রাখতে যাচ্ছে আবাহনী লিমিটেড। আগামী মৌসুমে আবাহনীর ফুটবল দলের কোচের দায়িত্ব অস্ট্রেলিয়ার নেইথান হলের ওপরে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 08:00 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

১৯৮৫ সালের ১৬ এপ্রিল সিডনিতে জন্ম নেয়া হল অবশ্য এখন ব্যাংককের বাসিন্দা। থাই মেয়ে বিয়ে করে থাইল্যান্ডের রাজধানীতে থাকছেন তিনি। তার স্ত্রী একজন ব্যবসায়ী।

গত মৌসুমে ভারতের আই-লিগের দল ইউনাইটেড সিকিম এফসির কোচ ছিলেন হল। এর আগে ছিলেন থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার দুটি ক্লাবের সহকারী কোচ।

উপমহাদেশের কোচিং করানোর অভিজ্ঞতার জন্যই আবাহনীর কর্মকর্তারা তার ওপরে আস্থা রাখতে দ্বিধা করেনি।

রোববার দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের হল বলেন, “এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আশা করি এই চ্যালেঞ্জ জয় করতে পারবো। তবে সেজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি সেজন্য প্রস্তুত।” “আমি একজন আধুনিক এবং বৈজ্ঞানিক চিন্তা-চেতনার কোচ। দলকে কৌশলী ফুটবল খেলাতে পছন্দ করি। আশা করি সবকিছু ঠিক-ঠাকভাবে করে দলকে সাফল্য এনে দিতে পারবো।” আবাহনীকে সাফল্য এনে দেয়ার অঙ্গীকার করে তিনি আরো বলেন, “আবাহনীর লক্ষ্য আগামী মৌসুমের সবগুলো শিরোপা জয়। কোচ হিসেবে আমারও একই লক্ষ্য। আমার বিশ্বাস, বাংলাদেশে প্রথমবার এসে আমি সাফল্য পাবো। গত মাসে ঢাকায় এসে কিছুটা গোপনে আবাহনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যান নাথান। তখনই তাকে নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে দেশের অন্যতম জনপ্রিয় দলটি। এ প্রসঙ্গে আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু বলেন, “নেইথানের সঙ্গে কথা বলে, তার পরিকল্পনার কথা শুনে তাকে পছন্দ হয় আমাদের। তারপরই আমরা তাকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেই।”