২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ৮ বাছাই দল চূড়ান্ত

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ের আট গ্রুপের বাছাই আটটি দল কারা হচ্ছে তা নির্ধারিত হয়েছে বৃহস্পতিবার ফিফা র‌্যাঙ্কিং প্রকাশিত হওয়ায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ সাতটি দেশ হচ্ছে যথাক্রমে স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, কলম্বিয়া, বেলজিয়াম, উরুগুয়ে ও সুইজারল্যান্ড।

স্বাগতিক ব্রাজিল এবং ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দেশ আট গ্রুপের সেরা আট বাছাই হিসেবে থাকবে। ফলে প্রাথমিক পর্যায়েই বড় কোনো প্রতিপক্ষকে এড়াতে পারার সুযোগ পাবে তারা।

কখনো বিশ্বচ্যাম্পিয়ন না হয়েও তাই গ্রুপ পর্যায়ে বাড়তি সুবিধা পাচ্ছে কলম্বিয়া, বেলজিয়াম ও সুইজারল্যান্ড।

তবে উরুগুয়ের এখনো বিশ্বকাপ নিশ্চিত হয়নি। এ জন্য তাদের জর্দানের সঙ্গে প্লে-অফ খেলে জিততে হবে। উরুগুয়ে প্লে-অফে বাদ পড়লে বাছাইয়ে ঢুকে পড়বে অষ্টম স্থানে থাকা নেদারল্যান্ডস।

বড় দলগুলোর মধ্যে বাছাইয়ে থাকতে পারেনি ইতালি, ইংল্যান্ড ও ফ্রান্স। এই তিন দলের কোনোটি যেকোনো গ্রুপকে 'গ্রুপ অব ডেথ' বানিয়ে দিতে পারে।

বিশ্বকাপের গ্রুপ সাজানোর গুরুত্বপূর্ণ এই ড্র হবে আগামী ৬ ডিসেম্বর।

ইউরোপীয় অঞ্চলের প্লে-অফের আটটি দলের কে কার সঙ্গে খেলবে তাও নির্ধারিত হবে এই র‌্যাঙ্কিং অনুযায়ী। সে হিসেবে বাছাই চারটি দল হয়েছে পর্তুগাল, গ্রিস, ক্রোয়েশিয়া ও ইউক্রেন। লটারির মাধ্যমে ঠিক হবে এই দলগুলো অন্য চারটি দল ফ্রান্স, আইসল্যান্ড, সুইডেন ও রোমানিয়ার মধ্যে কার সঙ্গে খেলবে।

ফলে প্লে-অফেই পর্তুগাল ও ফ্রান্সের দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জুরিখে আগামী সোমবার ইউরোপীয় অঞ্চলের প্লে-অফের ড্র হবে।