২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুনো মেতসুর জীবনাবসান

সেনেগালের সাবেক কোচ ব্রুনো মেতসু আর নেই। মলাশয়ের ক্যান্সারের কাছে হার মেনে মারা গেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 09:31 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

স্বদেশ ফ্রান্সের উত্তরাঞ্চলে নিজের শহরের একটি ক্লিনিকে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছিলেন মেতসু। তার যকৃৎ ও ফুসফুসেও ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়েছিল।

প্রায় দুই যুগের কোচিং-জীবনে জাতীয় ও ক্লাব মিলিয়ে ১৫টি দলের দায়িত্বে থাকা মেতসুর সবচেয়ে বড় অর্জন ২০০২ বিশ্বকাপে। জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সবাইকে চমকে দেয় তার দল সেনেগাল।

তার আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স ঐ হারের ধাক্কা সামলে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। তবে সেনেগাল গ্রুপ পর্ব-দ্বিতীয় রাউন্ড পেরিয়ে চলে যায় কোয়ার্টার ফাইনালে।

২০০২ সালে মেতসুর অধীনে আফ্রিকান নেশন্স কাপেও রানার্স-আপ হয়েছিল সেনেগাল। তার পরের বছর সংযুক্ত আরব আমিরাতের আল-আইন ক্লাবকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেন তিনি।

২০০৭ সালে আরব আমিরাতকে গালফ কাপে চ্যাম্পিয়ন করানোও ফুটবল-বিশ্বে ‘শ্বেত জাদুকর’ নামে পরিচিত মেতসুর এক বড় সাফল্য। সর্বশেষ ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরী হিসেবে দুবাইয়ের আল-ওয়াসল ক্লাবের কোচ ছিলেন তিনি।