দুই গেমসের জন্য বিওএ’র ‘দীর্ঘমেয়াদী’ পরিকল্পনা
আগামী বছরের কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
স্কটল্যান্ডের গ্লাসগোতে ২০১৪ সালের ২৩ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত কমনওয়েলথ গেমস হবে। দক্ষিণ কোরিয়ার ইনচিওনে এশিয়ান গেমস হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
বিওএ’র এই ক্যাম্প শুরু হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে। এই ক্যাম্পে শূটিং, অ্যাথলেটিক্স, সাঁতার, তায়কোয়ান্দো, সাইক্লিং, উশু, ফেন্সিং, বক্সিং, ভারোত্তোলন, আর্চারি, কুস্তি, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হবে।
বিওএ’র প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটি এরই মধ্যে পরিকল্পনাটি সভাপতি জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কাছে জমা দিয়েছে।
বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, “আগামী বছরের কমনওয়েলথ ও এশিয়ান গেমসে ভালো করা আমাদের লক্ষ্য। তাই বেশ আগেই প্রস্তুতি শুরু করার পরিকল্পনা নিয়েছি আমরা। এই ক্যাম্প এক বছর মেয়াদী হবে।”
“ব্যক্তিগত ইভেন্টে ভালো করা সম্ভব এমন কয়েকটি খেলাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পরে কয়েকটি দলীয় খেলাও প্রশিক্ষণ ক্যাম্পের সঙ্গে যুক্ত করা হবে।”
বিওএ’র প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির সদস্য সচিব উইং কমান্ডার রফিকুল ইসলাম জানিয়েছেন, “প্রায় ৫০ জন ক্রীড়াবিদের একটি তালিকা আমরা হাতে পেয়েছি। আপাতত এদের নিয়ে প্রস্তুতি শুরু করতে চাই।”
