আইভরি কোস্টের সামনে বিশ্বকাপের হাতছানি
দিদিয়ের দ্রগবার দেশ আইভরি কোস্টের সামনে এখন টানা তৃতীয় বারের মতো বিশ্বকাপে খেলার উজ্জ্বল সম্ভাবনা। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে দুই লেগের প্লে-অফের প্রথম ম্যাচে তারা সহজেই ৩-১ গোলে সেনেগালকে হারিয়েছে।
আরেক স্বাগতিক বার্কিনা ফাসো অবশ্য সহজে জিততে পারেনি। বিতর্কিত পেনাল্টির ‘আশীর্বাদে’ কখনো বিশ্বকাপে না খেলা পশ্চিম আফ্রিকার দেশটি ৩-২ গোলে জিতেছে আলজেরিয়ার বিপক্ষে।
ঘরের মাঠ আবিদজানে পঞ্চম মিনিটে দ্রগবার সফল পেনাল্টি এগিয়ে দেয় আইভরি কোস্টকে। ১৪ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার সলোমন কালু। ইনজুরি সময়ে সেনেগালের সান্ত্বনাসূচক গোলদাতা স্ট্রাইকার পাপিস সিসে।
