২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসের বিশাল জয়ে ফন পার্সির রেকর্ড

জাতীয় দলের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পার্সি। তার হ্যাটট্রিকের সুবাদে বিশ্ব কাপ ফুটবলের বাছাইপর্বে হাঙ্গেরিকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে গতবারের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রেকর্ড গড়ার পথে পার্সি ছাড়িয়ে গেছেন সাবেক স্ট্রাইকার প্যাট্রিক ক্লুইভার্টকে। ৮০ ম্যাচে পার্সির গোলসংখ্যা ৪১টি।

গ্রুপ 'ডি'র শীর্ষস্থান নিশ্চিত করে আগেই ব্রাজিল বিশ্ব কাপে উঠে গিয়েছিল ডাচরা। তবে তাতেও যে তাদের জয়ের ক্ষুধা মেটেনি, বিশাল ব্যবধানের এই জয়ই তার প্রমাণ।

নিজেদের মাঠে পার্সির হ্যাটট্রিকের দিনে আরো গোল করেছেন মিডফিল্ডার ত্রয়ী কেভিন স্ট্রুটম্যান, রাফায়েল ভ্যান ডার ভার্ট ও আরিয়েন রোবেন এবং স্ট্রাইকার জেরেমেইন লেন্স। অপর গোলটি আত্মঘাতী। অতিথিদের পক্ষে একমাত্র গোলটি মিডফিল্ডার বালাজ সুজসাকের।

জিতেছে প্লে অফ খেলার দৌড়ে থাকা তুরস্ক ও রোমানিয়াও। তুরস্ক ২-০ গোলে এস্তোনিয়াকে ও রোমানিয়া ৪-০ গোলে অ্যান্ডোরাকে হারিয়েছে।

তুরস্ক ও রোমানিয়ার পয়েন্ট সমান ১৬। তবে গোল গড়ে এগিয়ে আছে (+৪) তুরস্ক।

মঙ্গলবার শেষ ম্যাচে রোমানিয়া নিজেদের মাঠে খেলবে এস্তোনিয়ার সঙ্গে। তুরস্কও নিজেদের মাঠে খেলবে শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে।