২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান যাত্রা নিয়ে স্কলারির হতাশা

শনিবার সিউলে এক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারি জানিয়েছেন, দীর্ঘ বিমান যাত্রার কারণে নেইমার ও তার সতীর্থদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 09:38 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

ম্যাচের আগের দিন শুক্রবার ‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারি সাংবাদিকদের বলেন, “৩০ ঘণ্টা বিমান যাত্রার পর অনেকেই খুব ক্লান্ত। আমরা একদিন ইনডোরে অনুশীলন করেছি। আরেক দিন সামান্য অনুশীলন করেছি।”

“তাই এই ম্যাচ থেকে আমি খুব বেশি কিছু আশা করছি না। আগামীকাল (শনিবার) আমাদের খেলোয়াড়দের শারীরিক অবস্থা ভালো না থাকারই কথা।”

ব্রাজিলের জন্য স্বস্তির খবর, বার্সেলোনা তারকা নেইমার পুরোপুরি ফিট।

বিমান ভ্রমণ নিয়ে দুশ্চিন্তা থাকলেও দু দলের শক্তি-ঐতিহ্যের মতো সাম্প্রতিক পারফরম্যান্সেও অনেক পার্থক্য।

গত জুনে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করে কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে স্কলারির দল। অন্যদিকে বাছাই পর্বে অনেক লড়াই করে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।

কোরিয়া সফর শেষে চীনে যাবে ব্রাজিল। আগামী মঙ্গলবার বেইজিংয়ে আরেকটি প্রীতি ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জাম্বিয়া।