নেইমার একদিন বিশ্বসেরা হবে: রোনালদো
আগেই প্রতিভায় মুগ্ধ করে রেখেছিলেন ফুটবল-বিশ্বকে। স্বদেশের সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়ে দিন-দিন আরো শাণিত হয়ে উঠছেন নেইমার। তার খেলা দেখে উচ্ছ্বসিত আরেক ব্রাজিলিয়ান রোনালদোর বিশ্বাস, উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে নেইমার বিশ্বের সেরা ফুটবলার হতে পারবেন।
২১ বছর বয়সী নেইমারের প্রশংসা করে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বলেন, “সে অনেক উন্নতি করেছে এবং আমি নিশ্চিত সে আরো উন্নতি করবে। উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে একদিন সে বিশ্বসেরা ফুটবলার হবে।”
উত্তরসূরীকে নিয়ে দারুণ আশাবাদী ৩৭ বছর বয়সী রোনালদো। তার আশা, আগামী বছর ব্রাজিলকে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা এনে দিতে বড় অবদান রাখবেন গত জুনে কনফেডারেশন্স কাপের সেরা খেলোয়াড় নেইমার।
বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত তিনটি গোল করলেও ৬টি গোল করিয়েছেন নেইমার। নতুন দলে তার পারফরম্যান্স নিয়ে রোনালদো আনন্দিত।
এ প্রসঙ্গে বিশ্বকাপে রেকর্ড ১৫ গোলের মালিক বলেন, “(বার্সেলোনার হয়ে) নেইমারের দুর্দান্ত সূচনায় আমি উচ্ছ্বসিত। সে ভালো খেলছে, গোল করছে আর গোল করাচ্ছেও।”
অবশ্য শুধু নেইমার নয়, লিওনেল মেসিরও অকুণ্ঠ প্রশংসা করেন রোনালদো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা বলেন, “(বার্সায়) তার পাশে মেসির মতো অন্য গ্রহের এক ফুটবলার খেলে। প্রত্যেক ম্যাচেই সে (মেসি) দুর্দান্ত খেলে দু-তিনটি গোল করে।”
