চার হকি খেলোয়াড়কে কারণ দর্শানো নোটিশ
এশিয়া কাপ হকিতে ব্যর্থতার জন্য জাতীয় দলের চার জন খেলোয়াড়কে কারণ দর্শানো নোটিশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।
বৃহস্পতিবার রাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এই চার জন হলেন রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানা।
এছাড়া অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোচ মাহবুব হারুন ও আম্পায়ার সেলিম লাকিকেও কারণ দর্শানো নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনৈতিক কাজ কী, তা অবশ্য প্রকাশ করেনি হকি ফেডারেশন।
আগামী শনিবারের মধ্যে এই ছয়জনকে নোটিশ পাঠানো হবে। ২৩ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দিতে হবে তাদের।
সভা শেষে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী বলেন, “তদন্তে এশিয়া কাপ চলার সময় এই চার খেলোয়াড়ের উশৃঙ্খল আচরণের কথা জানা গেছে। তাদের কারণে দলের ঐক্য নষ্ট হয়েছিল। তাই পারফরম্যান্সও ভালো হয়নি। সেজন্য আমরা তাদের কারণ দর্শানো নোটিশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এছাড়া জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম, অধিনায়ক মামুনুর রহমান চয়ন, সহ-অধিনায়ক কৃষ্ণ কুমার এবং পুষ্কর খীসা মিমো ও মাইনুল ইসলাম কৌশিককে সতর্ক করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
