‘দায়বদ্ধ’ থাকার দাবি ডি ক্রুইফের
নেপালের কাঠমান্ডুতে সাফ ফুটবল টুর্নামেন্ট চলার সময় দলের প্রতি শতভাগ দায়বদ্ধ থাকার দাবি করেছেন লোডভিক ডি ক্রুইফ। বুধবার তদন্ত প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এই দাবি করেন জাতীয় ফুটবল দলের ডাচ কোচ।
সাফ ফুটবলে ব্যর্থতার তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদনে ডি ক্রুইফকে দলের প্রতি ‘উদাসীন’ হিসেবে উল্লেখ করেছে। কারণ হিসেবে তদন্ত কমিটি জানিয়েছে, সাফ ফুটবলের জন্য প্রস্তুতি চলার সময়ে ১০ দিনের ছুটি নিয়ে স্বদেশ নেদারল্যান্ডসে গিয়েছিলেন তিনি। কাঠমান্ডুর বিমান মিস করার জন্যও তাকে দায়ী করা হয়।
এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে ডি ক্রুইফ বলেন, “সাফ ফুটবলে দলের প্রতি আমি শতভাগ দায়বদ্ধ ছিলাম। আমার কোথাও কোনো ত্রুটি ছিল না। দুর্ভাগ্যের কারণে আমরা সাফল্য পাইনি। ব্যর্থতার জন্য শুধু কোচকে দায়ী করা অনুচিৎ। আমি যতো পরিশ্রম করেছি কোনো বিদেশি কোচ এতো পরিশ্রম করবেন না।”
