২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাইরে চোটগ্রস্ত মেসি

বেশ কিছু দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন এ মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা লিওনেল মেসিকে। ডান পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট পেয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 05:12 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুই থেকে তিন সপ্তাহ খেলতে পারবেন না চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

শনিবার লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর প্রথমার্ধের ২৯ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ জেরার্দো মার্তিনো। এর আগে ২১ মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচটি ২-০ গোলে জিতেছে বার্সেলোনা।

মেসির চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বার্সেলোনাকে। আগামী মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে সেলটিকের মাঠে খেলবে তারা। কিন্তু ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাকে এই ম্যাচে পাচ্ছে না বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রথম ম্যাচেই আয়াক্স আমস্টার্ডামের বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। লা লিগাতেও আট গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি।