২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব বিশ্ব কাপে অনিশ্চিত রোনালদিনিয়ো

কুচকির চোটে আগামী ডিসেম্বরে ক্লাব বিশ্ব কাপে খেলাটা অনিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের আতলেতিকো মিনেইরোর তারকা রোনালদিনিয়োর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন এই ক্লাবটি জানিয়েছে, মর্যাদার এই টুর্নামেন্ট শুরুর আগে ব্রাজিলের এই প্লেমেকারকে সারিয়ে তুলতে সম্ভাব্য সব চেষ্টা করা হচ্ছে।

ক্লাবের চিকিৎসক রদ্রিগো লাসমার ক্লাবের ওয়েবসাইটে জানান, সাবেক বার্সেলোনা ও এসি মিলান তারকা রোনালদিনিয়ো গত বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পান।

রোনালদিনিয়োকে দ্রুত সারিয়ে তুলতে ফিজিওথেরাটি দেয়া হচ্ছে বলে তিনি জানান। আর ক্লাবের সভাপতি আলেশান্দ্রে কালিল জানিয়েছেন রোনালদিনিয়োর 'যুদ্ধকালীণ চিকিৎসা' চলছে।

গত জুলাইয়ে লাতিন আমেরিকার লিবারতাদোরেস কাপ প্রথমবারের মতো জিতে মরোক্কোতে আগামী ক্লাব বিশ্ব কাপে খেলার সুযোগ পেয়েছে মিনেইরো। ১৮ ডিসেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দলটি।

টুর্নামেন্টে ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ জেতা বায়ার্ন মিউনিখের সঙ্গে ফেভারিট ধরা হচ্ছে আতলেতিকো মিনেইরোকেও।

ক্লাব বিশ্বকাপে খেলার আশা করলেও ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে গেছে রোনালদিনিয়োর জন্য। আগামী ৮ ডিসেম্বর শেষ হতে যাওয়া এই টুর্নামেন্টে ২৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তার দল।