মাদ্রিদ ডার্বিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রিয়ালের
মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর চেয়ে পিছিয়ে থেকেই খেলতে নামবে রিয়াল।
স্পেনের ঘরোয়া লিগ লা লিগার প্রথম ছয় ম্যাচে রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত অপরাজিত থাকলেও এক ম্যাচ ড্র করায় ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছে। আর সমান ম্যাচে শতভাগ সফল দল আতলেতিকো মাদ্রিদের অবস্থান দ্বিতীয়।
আর গত ম্যাচে লা লিগায় নবাগত এলচের বিপক্ষে শেষ মুহূর্তের 'বিতর্কিত' পেনাল্টি থেকে পাওয়া জয় নিয়ে সমালোচনা বিশেষ করে বার্সেলোনার খোটাও শুনতে হচ্ছে রিয়ালকে। ভরসা কেবল শনিবার রাতে (বাংলাদেশ সময় রাত দুইটায়) নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি রিয়াল খেলবে তাদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে।
সর্বশেষ মুখোমুখি লড়াইয়েও কিন্তু প্রতিবেশীদের কাছে হারের লজ্জায় পড়তে হয়েছিল ইউরোপের সবচেয়ে সফল দলটির। গত মৌসুমে কোপা দেল রে’র ফাইনালে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেই শিরোপা বঞ্চিত হয় রিয়াল।
অবশ্য শেষ সাক্ষাতে হারলেও তার আগের চার ম্যাচে কিন্তু প্রতিবারই জিতেছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের প্রচেষ্টা থাকবে প্রতিবেশীদের আবার হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর। তবে লক্ষ্য অর্জনটা যে খুব সহজ হবে না তা মানছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। তাই বলে মনোবলও হারাচ্ছেন না তিনি।
“ওরা (আতলেতিকো) অনেক গোছানো একটা দল আর খেলেও খুব ভালো। অবশ্যই, আমাদের চেয়ে ওরা অনেক বেশি আক্রমণাত্মক। ওদের শারীরিক শক্তিও বেশি। কিন্তু আমাদের দলে মেধার সমাহার বেশি। আমরা ভিন্ন মানের দুই দল।”
এলচের বিপক্ষে আগের ম্যাচের কথা মনে রেখেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ইতালির এই ৫৪ বছর বয়সী কোচের কণ্ঠে, “এলচের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এখানে আমরা আমাদের সামর্থের শতভাগ দিয়ে জয়ের চেষ্টা করবো। আমার বিশ্বাস, ভিন্ন মনোবলে এখানে আমরা খেলবো।”
খেলাটা যখন রিয়ালের মাঠে তখন সমর্থকদের মনে ঘুরে ফিরে আসছে- ১০ কোটি ইউরো মূল্যের গ্যারেথ বেল কি খেলবেন। উরুর পেশির চোট কাটিয়ে ফিরলে এটাই হবে বার্নাবেউয়ে বেলের অভিষেক।
তবে বেলের মাঠে নামা নিয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেননি আনচেলত্তি। তিনি বলেন, “(এই খেলায়) মার্সেলোকে পাওয়া যাবে না। আর বেল অনুশীলনে কেমন করে বা খেলতে প্রস্তুত কিনা তা দেখার জন্যে আমরা অপেক্ষায় আছি। তবে মনে হয় সে প্রস্তুত। তাই যদি হয় তখন তাকে খেলানো বা না খেলানোর বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে।”
লা লিগার পয়েন্ট তালিকা:
দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | গোল পার্থক্য | পয়েন্ট |
বার্সেলোনা | ৬ | ৬ | ০ | ০ | ১৭ | ১৮ |
আতলেতিকো মাদ্রিদ | ৬ | ৬ | ০ | ০ | ১৩ | ১৮ |
রিয়াল মাদ্রিদ | ৬ | ৫ | ১ | ০ | ৮ | ১৬ |
ভিয়ারিয়াল | ৬ | ৪ | ২ | ০ | ৬ | ১৪ |
আথলেটিক | ৬ | ৪ | ০ | ২ | ২ | ১২ |
