বছর শেষেও সেরেনা শীর্ষে
২০১৩ সাল শেষ হতে আরো তিন মাসেরও বেশি বাকি। তবে একটা ব্যাপার নিশ্চিত। টেনিস-জীবনে তৃতীয় বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস।
এ বছরটা দারুণ কাটছে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ের। ২০১৩ সালে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন ছাড়াও সাতটি ডব্লিউটিএ শিরোপা জিতেছেন সেরেনা। এ বছর ৬৭টি জয়ের বিপরীতে তার হার মাত্র চারটি।
বৃহস্পতিবার ৩২ বছর পূর্ণ করা সেরেনা দুটো রেকর্ডও গড়েছেন এ বছর। গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে মহিলাদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেনের মহিলা এককের শিরোপা জয়ের কৃতিত্বও এই মার্কিন তারকার।
শুক্রবার সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার পর ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনাকে শুভেচ্ছা জানিয়ে উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) প্রধান সির্বাহী স্টেসি অ্যালাস্টার বলেন, “কোর্ট এবং কোর্টের বাইরে তিনি যে একজন অবিশ্বাস্য চ্যাম্পিয়ন ক্যারিয়ার জুড়ে সেরেনা তা প্রমাণ করে চলেছেন।”
“এই মৌসুমে তিনি রেকর্ড বই নতুন করে লিখেই চলেছেন। প্রমাণ করছেন তিনি সর্বকালের সেরা ক্রীড়াবিদদের অন্যতম।”
আগামী মাসে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের সময় সেরেনার হাতে শীর্ষে থেকে বছর শেষ করার পুরস্কার তুলে দেয়া হবে।
সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং রাশিয়ার মারিয়া শারাপোভাও।
