২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও ইন্টারের জয়

ইতালিয়ান সেরি-আয় দারুণ জয় পেয়েছে ইন্টার মিলান। পিছিয়ে পড়েও ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 02:59 AM

Updated : 23 Aug 2022, 06:59 PM

ঘরের মাঠ সান সিরোতে গোলশূন্য প্রথমার্ধের পর ৬০ মিনিটে জিউসেপ্পে রসির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে ইন্টার। আর এই গোলই জাগিয়ে তোলে ২০০৯-১০ মৌসুমে জোসে মরিনিয়োর অধীনে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ী দলটিকে।

একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলা ইন্টারকে ৭২ মিনিটে সমতায় ফেরায় আর্জেন্টাইন মিডফিল্ডার এস্তেবান কাম্বিয়াসোর দুর্দান্ত গোল। তার ১১ মিনিট পর স্বাগতিকদের জয়সূচক গোলদাতা ব্রাজিলিয়ান ডিফেন্ডার জোনাথন মোরেইরা।

এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইন্টারের অবস্থান দ্বিতীয়। নাপোলি ও জুভেন্টাসের পয়েন্টও ১৩, তবে গোল গড়ে ইন্টারের চেয়ে পিছিয়ে আছে তারা।

শীর্ষে থাকা রোমার পয়েন্ট ১৫।