কমনওয়েলথ গেমসে শুধু ২০০ মিটারে বোল্ট
বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট জানিয়েছেন, আগামী বছরের কমনওয়েলথ গেমসে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে শুধু ২০০ মিটারে দৌড়াবেন তিনি।
আগামী বছরের ২৩ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে এই প্রতিযোগিতা হবে।
অলিম্পিকে ছয়টি সোনা জয়ী বোল্ট জানিয়েছেন, কমনওয়েলথ গেমসে অংশ নেয়ার সিদ্ধান্ত কোচ গ্লেন মিলসের সঙ্গে আলোচনা করে নেবেন।
‘বিবিসি রেডিও’কে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জ্যামাইকার গতি-সম্রাট বলেন, “এটা (কমনওয়েলথ গেমস) আমার ভবিষ্যৎ সূচীতে আছে। আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। তবে আমি কখনই কোচের মতামত না নিয়ে কিছু করি না।
কমনওয়েলথ গেমসে ১০০ মিটারে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়ে ২৭ বছর বয়সী বোল্ট বলেন, “এই প্রতিযোগিতায় অংশ নিলে আমি হয়তো শুধু ২০০ মিটারে দৌড়াবো। কারণ এটা আমার প্রিয় ইভেন্ট।”
অবিশ্বাস্য হলেও সত্যি, অলিম্পিক ও বিশ্ব অ্যাথলেটিক্সে ঈর্ষণীয় সাফল্য পেলেও কমনওয়েলথ গেমসে আজ পর্যন্ত কোনো পদক জিততে পারেননি বোল্ট।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতে হৈ-চৈ ফেলে দেয়া বোল্ট গত বছর লন্ডন অলিম্পিকে একই কীর্তির পুনরাবৃত্তি করেন।
২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো অলিম্পিকেও তিনটি সোনা জয়ের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “(আবার তিনটি সোনা জিততে পারলে) অসাধারণ ব্যাপার হবে। এ পর্যন্ত আমি অনেক কিছু জিতেছি। তবে আরেক বার তিনটি শিরোপা ধরে রাখতে পারলে তা বহু অ্যাথলেটের থেকে আমাকে আলাদা করে তুলবে।”
“(বক্সার) মোহাম্মদ আলী, (দৌড়বিদ) মাইকেল জনসন, (বাস্কেটবল খেলোয়াড়) মাইকেল জর্ডানদের মতো কিংবদন্তির সঙ্গে নিজের নাম পাথরে খোদাই করে রাখতে চাই। অবসর নেয়ার সময় আমি এদের সঙ্গে থাকতে চাই। মানুষ যখন খেলাধূলা প্রসঙ্গে কথা বলবে তখন যেন আমার নামও উচ্চারিত হয়।”
অবসর পরবর্তী জীবন নিয়েও কথা বলেছেন বোল্ট। তিনি বলেন, “আশা করি আমারও একটা সংসার হবে। অন্যদের মতো আমিও বাচ্চাদের পেছনে দৌড়াবো, জীবনটা উপভোগ করবো। বাচ্চাদের দেখাশোনা করবো, জীবন থেকে যা শিখেছি তা ওদের শেখাবো।”
ভালবাসার মানুষ খুঁজেও পেয়েছেন বোল্ট। তিনি বলেন, “একটা মেয়েকে আমি পছন্দ করি। তবে আমি তাড়াহুড়া করার পক্ষপাতী নই। নিশ্চিত হতে চাই সে-ই আমার জন্য সঠিক কিনা।”
কোচিং ও রাজনীতির প্রতি অনীহা প্রকাশ করে বোল্ট বলেন, “আমি কোচিং করাবো না, রাজনীতিও করবো না। তবে আমি অবশ্যই অনেক জনহিতকর কাজ করবো।”
“অবসর জীবন আমাকে সমস্যায় ফেলতে পারবে না। আমি ভালোই থাকবো। আমি শুধু একজন দুর্দান্ত ক্রীড়াবিদ হিসেবে সবার মনে বেঁচে থাকতে চাই।”
