২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেলো আতলেতিকো, পোর্তো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের খেলায় জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ ও পোর্তো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 09:58 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

বুধবার রাতে অ্যাতলেতিকো ৩-১ গোলে জেনিত সেন্ট পিটার্সবার্গ এবং পোর্তো ১-০ গোলে অস্ট্রিয়া ভিনকে হারিয়েছে।

আতলেতিকো মাদ্রিদের ভিসেন্ত কালদেরন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে খেলা। ৩৯ মিনিটে অতিথিদের বাজে ডিফেন্ডিংয়ের সুযোগে এগিয়ে যায় অ্যাতলেতিকো। কোকের ফ্রিকিক থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে এক ঝটকায় মার্কারকে ফাঁকি দিয়ে সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি মিরান্দা।

৫৯ মিনিটে ব্রাজিল স্ট্রাইকার হাল্কের দূরপাল্লার শটে সমতা ফেরায় জেনিত।

সমতা ফেরানোর স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি রুশ দলটির। জটলা থেকে আরদা তুরানের শটে আবার এগিয়ে যায় অ্যাতলেতিকো।

৮০ মিনিটে স্কোর লাইন ৩-১ করে ফেলেন লিও বাপতিস্তাও। রায়ে ভায়েকানো থেকে চলতি মৌসুমেই অ্যাতলেতিকোয় যোগ দেয়া ২১ বছর বয়সী এই ব্রাজিল স্ট্রাইকার মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

পোর্তো-অস্ট্রিয়া

অস্ট্রিয়ার গোলের কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে কোনো দলই সাফল্য পায়নি।

৫৫ মিনিটে দানিলোর দুর্দান্ত পাস থেকে পোর্তোকে তিন পয়েন্ট এনে দেয়া গোলটি করেন লুচো গঞ্জালেস। দুই মিনিট পর স্টানকোভিচের দুরপাল্লার শট বারে লাগায় সমতা ফেরানোর সুযোগটি হাতছাড়া হয়ে যায় স্বাগতিকদের।