শাস্তি পেলো ইন্টার মিলান
প্রতিপক্ষের খেলোয়াড়দের লক্ষ্য করে দর্শকরা বর্ণবাদী মন্তব্য করায় দৃষ্টান্তমূলক শাস্তি পেতে যাচ্ছে ক্লাব ইন্টার মিলান। ইতালিয়ান সেরি আ-এর পরের ‘হোম ম্যাচটি’ তাদের খেলতে হবে স্টেডিয়ামের একটা অংশ ফাঁকা রেখে।
আগামী ২৬ সেপ্টেম্বর ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচের দিন গ্যালারীর একটা স্ট্যান্ড খালি রাখতে হবে ইন্টারকে। এই মৌসুমে এবার দিয়ে তৃতীয়বারের মতো ইতালির কোনো দল শাস্তি পেলো। এর আগে শাস্তি পেয়েছিল লাৎসিও ও জুভেন্টাস।
গত শনিবার সান সিরোয় ইন্টার-জুভেন্টাস ম্যাচ চলাকালে জুভেন্টাসের দুই খেলোয়াড়কে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল ইন্টারের দর্শকেরা। ইতালিয়ান সেরি আর গুরুত্বপূর্ণ ঐ খেলাটি ১-১ গোলে ড্র হয়েছিল।
তাছাড়া দর্শকদের বিরুপ আচরণের কারণে সেরি আ কর্তৃপক্ষও ইন্টারকে ১৫ হাজার ইউরো জরিমানা করেছে।
ফুটবলে বর্ণবাদ বন্ধ করতে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। গত মে মাসে সংস্থাটি নিয়ম করে, বর্ণবাদের বড় কোন ঘটনা ঘটলে দায়ী দলটি নিচের বিভাগের ফুটবল লিগে অবনমনের মতো শাস্তিও পেতে পারে।
