রুনির জোড়া গোলে ম্যানইউর জয়
ওয়েইন রুনির দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে তারা ৪-২ গোলে হারিয়েছে জার্মানির বেয়ার লেভারকুসেনকে।
‘এ’ গ্রুপের অপর ম্যাচে স্পেনের রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
ওল্ড ট্র্যাফোর্ডে ২২ মিনিটে দারুণ এক ভলিতে ম্যানইউকে এগিয়ে নেন ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনি। ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরার ক্রস থেকে রুনির দুর্দান্ত শট ঠেকাতে পারেননি লেভারকুসেনের গোলরক্ষক।
প্রথমার্ধের বাকি সময়ে আরো বেশ কয়েকটি সুযোগ এলেও গোল পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যানইউ। কিন্তু ৫৪ মিনিটে দর্শকদের থমকে দিয়ে সমতা ফেরান লেভারকুসেন অধিনায়ক সিমন রলফেস।
পাঁচ মিনিট পর অবশ্য আবারো এগিয়ে যায় ম্যানইউ। ইকুয়েডরের ফরোয়ার্ড আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রস থেকে দারুণ এক ভলিতে গোল করেন ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি।
লেভারকুসেনের গোলরক্ষককে কাটাচ্ছেন রুনি। তার জোড়া গোলে সহজ জয় পেয়েছে ম্যান ইউ। ছবি: রয়টার্স
৭৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ম্যানইউয়ের শেষ গোলটি করেন ভ্যালেন্সিয়া। পার্সির কাছ থেকে বল পেয়ে অ্যাশলে ইয়াং বল বাড়ান মাঝমাঠে থাকা রুনিকে। অত্যন্ত দ্রুততায় রুনি পাস দেন ডান দিক দিয়ে এগিয়ে যাওয়া ভ্যালেন্সিয়াকে। কোনো ভুল না করে ২০ গজ দূর থেকে লক্ষভেদ করেন তিনি।
৮৮ মিনিটে লেভারকুসেনের তুর্কি বংশোদ্ভূত ডিফেন্ডার ওমার তোপরাক ব্যবধান কমান।
চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এসেই জয় পেলেন এভারটন থেকে ম্যানইউতে পাড়ি জমানো কোচ ডেভিড ময়েস।
শাখতার দোনেৎস্কের জয়ের নায়ক ব্রাজিল মিডফিল্ডার অ্যালেক্স তেইসেইরা।
