২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিলশানের নৈপুণ্যে মোহামেডানের জয়

ওয়ালটন রেফ্রিজারেটর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার নবাগত কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 05:12 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ২ বলে ১৪০ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।

সর্বোচ্চ ৫০ রান সাত নম্বর ব্যাটসম্যান শরীফ উল্লাহর। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে অধিনায়ক মার্শাল আইয়ুবের ব্যাট থেকে।

২৮ রানে ৩ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার অফস্পিনার মুরাদ খান। দুটি করে উইকেট নেন পেসার মুক্তার আলী ও তিলকরত্নে দিলশান।

মোহামেডান ইনিংসের পঞ্চম ওভারে বৃষ্টি নামলে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে মাশরাফি বিন মুর্তজার দলটির নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১১৯ রান। ৪৬ বল অব্যবহৃত রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।

১৩ রানে সায়েম আলম বিদায় নিলেও দলকে সহজ জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন ম্যাচ সেরা দিলশান (৪৪) ও শামসুর রহমান (২৮)। ৮১ রানে শামসুরের বিদায়ের পর ১০ রানের ব্যবধানে আরো তিন উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় মোহামেডান।

তবে অভিজ্ঞ রাজিন সালেহ (১৫*) ও ধীমান ঘোষ (১৩*) শেষ পর্যন্ত দলকে সহজ জয়ই এনে দিয়েছেন।

২৫ রানে ৩ উইকেট নিয়ে সিসিএসের সেরা বোলার মাকসুদুল হাসান।