সাফে ব্যর্থতায় তদন্ত কমিটি
সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার বাফুফে সহ-সভাপতি বাদল রায়কে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন আরেক সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং সদস্য শামসুল হক চৌধুরী।
দুই কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টারকে নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ।
“সাফে আমরা যে ফল চেয়েছিলাম সেই পল পাইনি সত্য। আসলে পুরো টুর্নামেন্টে আমরা হেরেছি দুই-তিন মিনিটে। দুই-তিন মিনিট ফুটবলে যে কত গুরুত্বপূর্ন সেটা এখন আমরা বুঝতে পারলাম।”
কাঠমান্ডুতে বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ড্র করেছে শেষ মুহুর্তে গোল খেয়ে। আর শেষ মিনিটে গোল খেয়ে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।
এবারের সাফে ব্যর্থতায় বাফুফে সভাপতি হতাশ না হয়ে সামনের দিকে তাকাতে চান।
সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন (ফাইল ছবি)
“আমরা হাল ছাড়িনি। আমরা হেরেছি, কিন্তু সব হারাইনি”, আশাবাদ বাফুফে সভাপতির।
জাতীয় দলে পরিবর্তনের বিয়য়ে সালাউদ্দিন জানান, “এখন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমাদের আরও তরুণ খেলোয়াড় দরকার। তরুণদের আমরা বেশি করে সুযোগ দিতে চাই। এই ক্ষেত্রে আমরা সফল হলে আগামী সাফে এর চেয়ে দশগুণ শক্তিশালী দলগঠন করতে পারবো আমরা।”
