মেসির চেয়ে ভালো ম্যারাডোনা
আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্লদিও ক্যানিজিয়ার মতে, বর্তমানের সেরা লিওনেল মেসির চেয়েও ভালো ফুটবলার ছিলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। নাপোলির হয়ে দারুণ সব অর্জনের জন্যই ম্যারাডোনাকে এগিয়ে রাখছেন তিনি।
ইতালির ক্লাব নাপোলির হয়ে দুটি সেরি আ সহ মোট পাঁচটি শিরোপা জিতেছিলেন ম্যারাডোনা। আর বার্সেলোনার হয়ে ইতোমধ্যে ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ মেসি জিতেছেন ২১টি শিরোপা।
তবে ম্যারাডোনার সঙ্গে আর্জেন্টিনা দলে খেলা ক্যানিজিয়ার যুক্তি, নাপোলিকে শিরোপা জেতাতে মুলত ম্যারাডোনা একাই লড়েছেন। অন্যদিকে, বার্সেলোনায় মেসি সঙ্গী হিসেবে পেয়েছেন সেরা অনেক তারকা।
এ প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে মেসি এক নম্বর খেলোয়াড় কিন্তু ম্যারাডোনার মতো তার অতটা মনের জোর নেই।”
“নাপোলির হয়ে ম্যারাডোনা যা করেছে তা কেউ পারতো না। তাদের ভালো একটা দল ছিল ঠিকই, কিন্তু চ্যাম্পিয়ন দল নয়। তারপরও তিনি (ম্যারাডোনা) নিজের কাঁধে করে দলটিকে বিজয়ী করেন। আর কেউ তা পারেনি”, যোগ করেন জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড।
