২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাধা’ শুনেও নির্বিকার দুঙ্গা

সমালোচনায় অবিচলিত থাকার মতো ফুটবল কোচ হয়তো কম নেই। কিন্তু তাই বলে দর্শকদের ‘গাধা’ ডাক শুনেও নির্বিকার থাকা সম্ভব? ব্রাজিলিয়ান ক্লাব ইন্তারন্যাসিওনালের কোচ দুঙ্গা তেমনই এক বিরল ব্যক্তি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Sep 2013, 08:39 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

দর্শকদের বিদ্রুপাত্মক মন্তব্যে ব্রাজিলের সাবেক কোচ ক্ষুব্ধ হননি। বরং এটাকে তিনি প্রশংসা হিসেবে দেখছেন!

গত মঙ্গলবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ভিতোরিয়ার বিপক্ষে ইন্তারন্যাসিওনালের খেলা চলার সময় দুঙ্গার উদ্দেশে “গাধা, গাধা” বলে চিৎকার করতে থাকে দর্শকরা। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

প্রতিযোগিতায় ২০টি ম্যাচ খেলে ১০টিতে ড্র করেছে দুঙ্গার দল। হেরেছে তিনটি, জয় ৭টি। ২০ দলের মধ্যে ইন্তারন্যাসিওনালের অবস্থান পঞ্চম। তবু ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ী অধিনায়কের ওপরে মহাবিরক্ত ইন্তারন্যাসিওনালের সমর্থকরা। দুঙ্গা অবশ্য তাদের ‘গাধা’ ডাককে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। তিনি বলেন, “গাধা নামে ডাকলেও তা আমাকে অপমান করেনি। কারণ তারা কঠোর পরিশ্রমী প্রাণীদের মধ্যে অন্যতম।” ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্বে থাকা দুঙ্গা আরো বলেন, “আমাদের সবসময় চাপের মধ্যে থাকতে হয়। আর চাপকে সঙ্গী করেই আমাদের উন্নতির চেষ্টা করতে হয়। এই প্রথম বা শেষবারের মতো (আমার জীবনে) এমন ঘটনা ঘটলো না।”