২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেছেন রোনালদো

রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের গণমাধ্যমের খবর অনুযায়ী, এই চুক্তির ফলে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন পর্তুগালের এই ফরোয়ার্ড।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Sep 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

নতুন চুক্তির ফলে ২০১৮ সাল পর্যন্ত রিয়ালে খেলবেন ২০০৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো।

রোববার সান্তিয়াগো বার্নাবেউয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও রোনালদো। তবে রোনালদোর বেতন কত হবে, তা নিয়ে কেউই কথা বলেননি।

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডটকম’ জানিয়েছিল, নতুন চুক্তিতে কর দেয়ার পর রোনালদোর বার্ষিক বেতন হবে দেড় কোটি ইউরো।

তবে স্পেনের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, রোনালদোর বেতন হতে পারে প্রায় দুই কোটি ইউরো।

গত মৌসুম থেকে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছিল, নতুন চুক্তির ফলে তারও সমাপ্তি হলো।

সাংবাদিকদের রোনালদো বলেন, “সবাই জানে ম্যানচেস্টার ইউনাইটেডে আমি ছয় বছর ছিলাম। ক্লাবটি আমাকে অনেক কিছু দিয়েছিল। আমি তা কখনোই ভুলব না। তবে ম্যানচেস্টার এখন আমার জীবনে অতীত।”

“এখন আমার ক্লাব রিয়াল মাদ্রিদ। এটাই এখন আমার বাড়ি, আমার পরিবারও এখানে থাকে। এখানে আমি সত্যিই খুব সুখী।”

রিয়ালের হয়ে ২০৩ ম্যাচে ২০৩ গোল করা রোনালদো আরো বলেন, “সব দলকেই আমি সম্মান করি। যে সব দল আমার সম্পর্কে জানতে চায় তাদেরকেও সম্মান করি।”

ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “ভবিষ্যৎ সম্পর্কে কেউই কিছু জানে না। তবে এখানে (রিয়ালে) আমি সত্যিই সুখী। আমি শুধু এই ক্লাবের জন্য শিরোপা জিততে চাই। সমর্থকরা যে এখনো আমাকে অনেক পছন্দ করে সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু মাঠে নেমে গোল করতে, করাতে এবং সতীর্থদের যথাসম্ভব সাহায্য করতে চাই।”

১০ কোটি ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে এ মাসের শুরুতে রিয়ালে যোগ দেয়া ওয়েলসের ফরোয়ার্ড বেলের বেতন বছরে এক কোটি ইউরো। আর টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসির বার্ষিক বেতন এক কোটি ৩০ লাখ ইউরো।

এখন পর্যন্ত সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের তালিকায় শীর্ষে আছেন ক্যামেরুনের স্যামুয়েল এতো। রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালায় তিনি বেতন পেতেন বছরে প্রায় দুই কোটি ইউরো। তবে সম্প্রতি তার চেয়ে অনেক কম বেতনে চেলসিতে যোগ দিয়েছেন এতো।

নতুন চুক্তির পর ২৮ বছর বয়সী রোনালদোই হতে যাচ্ছেন এই সময়ের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। তার বেতন দুই কোটি ইউরো হলে এতোকে ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হতে পারেন রোনালদো।