ব্রাজিলের বিপক্ষে রোনালদো নেই
পর্তুগালের হয়ে প্রথম হ্যাটট্রিক করার ঠিক পরেই স্বদেশকে একটা দুঃসংবাদ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে এক প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ম্যাচটা হবে।
শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে রোনালদোর হ্যাটট্রিক উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় এনে দিয়েছে পর্তুগালকে। তবে এই ম্যাচ শেষ হওয়ার পরই রোনালদোর চোটের কথা জানিয়েছেন পর্তুগাল দলের চিকিৎসক হেনরিক জোন্স।
জোন্স অবশ্য জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ তারকার চোটটা আগে থেকেই ছিল। কিন্তু স্বদেশের হয়ে খেলার জন্য প্রচণ্ড ব্যথা নিয়েই মাঠে নামেন ২০০৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার।
